৩১ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে স্যামসাংয়ের দুই অ্যাপ
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্যামসাংয়ের গ্যালাক্সি স্টোর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তিনির্ভর দুটি অ্যাপ ‘কুইক মেজার’ ও ‘এআর ডুডল’। আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে অ্যাপ দুটি নতুন করে ডাউনলোড করা যাবে না। একই সঙ্গে বন্ধ হয়ে যাবে অ্যাপ দুটির হালনাগাদ সুবিধাও। তবে ভবিষ্যতে আরও উন্নত সংস্করণ নিয়ে ফেরার ইঙ্গিত দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
‘কুইক মেজার’ অ্যাপের সাহায্যে স্মার্টফোন ব্যবহার করে কোনো বস্তুর দৈর্ঘ্য, দূরত্ব কিংবা কোনো স্থানের আয়তন পরিমাপ করা যায়। অন্যদিকে, ‘এআর ডুডল’ অ্যাপের মাধ্যমে ছবি ও ভিডিওতে ভার্চুয়াল আঁকিবুঁকি এবং ত্রিমাত্রিক (থ্রিডি) প্রভাব যুক্ত করা সম্ভব।
অ্যাপ দুটি বন্ধের বিষয়ে গ্যালাক্সি স্টোরে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্যামসাং। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে অ্যাপ দুটি আর নতুন করে ইনস্টল করা যাবে না। পাশাপাশি বন্ধ হবে বিদ্যমান সংস্করণগুলোর হালনাগাদ সুবিধাও।
তবে নির্ধারিত সময়ের আগে যেসব ব্যবহারকারী নিজেদের স্মার্টফোনে অ্যাপ দুটি ইনস্টল করবেন, তাঁরা সেগুলো ব্যবহার করতে পারবেন। যদিও অ্যাপের কিছু সুবিধা আগের মতো কার্যকর নাও থাকতে পারে।
স্যামসাং জানিয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ভবিষ্যৎ সংস্করণগুলোর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে অ্যাপ দুটির জন্য আর কোনো হালনাগাদ প্রকাশ করা হবে না। ফলে ২০২৭ সালে স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হালনাগাদ করলে ‘কুইক মেজার’ ও ‘এআর ডুডল’-এর কিছু সুবিধা কাজ করা বন্ধ করে দিতে পারে।
অ্যাপ দুটি বন্ধের সিদ্ধান্তে ব্যবহারকারীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে স্যামসাং। একই সঙ্গে ভবিষ্যতে আরও উন্নত সেবা নিয়ে আসার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে অ্যাপ দুটির নতুন সংস্করণ কবে চালু করা হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানায়নি স্যামসাং। পাশাপাশি বর্তমান অ্যাপগুলোর সুবিধা অন্য কোনো সেবার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।
যাঁরা এখনো ‘কুইক মেজার’ ও ‘এআর ডুডল’ ব্যবহার করছেন অথবা অ্যাপ দুটি ব্যবহার করতে চান, তাঁদের ৩১ ডিসেম্বরের আগেই গ্যালাক্সি স্টোর থেকে নিজেদের ডিভাইসের উপযোগী সংস্করণ ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
১৩৩ বার পড়া হয়েছে