খাগড়াছড়িতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, লাখ টাকা জরিমানা
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খাগড়াছড়ির পানছড়িতে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে তা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে বৃহস্পতিবার দুপুরে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার লতিবান ইউনিয়নের নালকাটা এলাকায় অবস্থিত মেসার্স এম এস আর ব্রিকস নামের ইটভাটাটিতে এই অভিযান চালানো হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিবের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউশনে এ পদক্ষে নেওয়া হয়। ইটভাটাটির স্বত্বাধিকারী মো. ইউনুস আলী।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন এবং পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় আদালত মালিককে অর্থদণ্ড প্রদান করেন। এরপর পানছড়ি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রথমে পানি দিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে ফেলা হয়।
পরবর্তীতে এক্সকাভেটর বা ভেকু মেশিন ব্যবহার করে চুল্লির মুখ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, যাতে প্রতিষ্ঠানটি পুনরায় উৎপাদন কার্যক্রম চালাতে না পারে। প্রশাসন জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে পার্বত্য এলাকায় এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
১০৬ বার পড়া হয়েছে