সর্বশেষ

সারাদেশ

মোংলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

রেজা মাসুদ, মোংলা
রেজা মাসুদ, মোংলা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর, নৈরাজ্য সৃষ্টি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার বিকেলে পৌর মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সহসভাপতি মো. এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি।

এ ছাড়া বক্তব্য দেন পৌর বিএনপি নেতা মো. খোরশেদ আলম, বাবলু ভূঁইয়া, শাহজাহান ফকির, উপজেলা বিএনপি নেতা বাবুল হোসেন রনি, পৌর যুবদলের আহ্বায়ক ইমান হোসেন রিপন, মো. আলাউদ্দিন, বিএম ওয়াসিম আরমান, রাজ বাপ্পা, মামুন ভূঁইয়া ও মহসিন পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে জুলফিকার আলী আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় আগুন জ্বলবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক লেখালেখি করা ব্যক্তিদের বাড়িঘর ভাঙচুর করা হবে। প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার করতে হবে। অর্থের বিনিময়ে প্রভাবশালীদের যেন ছেড়ে দেওয়া না হয়।

বিশেষ অতিথির বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরতে দেওয়া হবে না। তিনি প্রধানমন্ত্রীকে গোপালগঞ্জ জেলা ভেঙে আশপাশের অন্যান্য জেলার সঙ্গে যুক্ত করার দাবি জানান।

পৌর বিএনপির সহসভাপতি মো. এমরান হোসেন বলেন, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে পৌরসভা ও উপজেলায় কোথাও পুলিশ সদস্য দেখা যাচ্ছে না। কোনো অঘটন ঘটলে এর দায় কে নেবে, সেই প্রশ্নও তোলেন তিনি। এ সময় পলাতক আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০