সাতক্ষীরায় বাক্প্রতিবন্ধী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী এক বাক্প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় আসামি ইব্রাহিম গাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
সাজা প্রাপ্ত ইব্রাহিম গাজী (২২) কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের শহর আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার নথি অনুযায়ী, নির্যাতিতা মেয়েটি শৈশব থেকেই বাক্ ও শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছিল। তার মায়ের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় সে জন্ম থেকেই নানির আশ্রয়ে লালিত-পালিত হচ্ছিল। গত বছরের ১২ মার্চ সকাল ১০টার দিকে বসতবাড়ির পার্শ্ববর্তী ঝোপে নিয়ে তাকে পাশবিক নির্যাতন চালানো হয়।
কিশোরীর গোঙানির আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্ত যুবককে ধরে পুলিশে হস্তান্তর করেন। পরবর্তীতে এই ঘটনায় নির্যাতিতার নানি বাদী হয়ে কলারোয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত কার্যক্রম শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলি আকবর আলী জানান, রাষ্ট্রপক্ষে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য প্রদান শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। শুনানি শেষে বিচারক আবুবকর সিদ্দিক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডাদেশ দেন। মামলায় আসামি পক্ষে সওয়াল-জবাব করেন আইনজীবী নুরুল আমিন।
১০৫ বার পড়া হয়েছে