সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে থানা ও বাড়িতে হামলা, ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো জেলা। থানার ভেতরে পুলিশের গাড়ি ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বিএনপি কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের শাখায়। ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করায় জেলার সঙ্গে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় নতুন করে ১১ প্লাটুনসহ মোট ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলার সময় থানায় দায়িত্বরত পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। হামলাকারীদের দেওয়া আগুনে পুলিশের কয়েকটি সরকারি গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।

বুধবার দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, পাটগাতিতে সংসদ সদস্য এস এম জিলানীর পুড়িয়ে দেওয়া বাড়ি থেকে তখনো ধোঁয়া বের হচ্ছিল। মধুমতি নদীর তীরে অবস্থিত আড়াই তলা পাকা বাড়িটির আসবাবসহ সবকিছু ভাঙচুর করা হয়েছে। বাড়ির কোনো জিনিসপত্রই অক্ষত নেই। পাশের তাঁর পৈতৃক টিনের ঘরটিও ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া এস এম জিলানীর চাচাতো ভাই এস এম মাহমুদের বাড়িসহ তাঁর ১৪ জন আত্মীয়স্বজনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব বাড়ির বেশির ভাগই টিনের তৈরি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি খেলার মাঠ থেকে আওয়ামী লীগের কয়েকজন কর্মী ও তরুণকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার সূত্রপাত হয়। মঙ্গলবার সন্ধ্যার পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। একই সময়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাওয়ার পথে নিলফা এলাকায় যৌথ বাহিনীর গাড়ি আটকে দেন স্থানীয় লোকজন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন।

বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিন কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সদর উপজেলার বৌলতলী এবং কাশিয়ানীতে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

কাশিয়ানীতে একটি বিক্ষোভ মিছিলের সামনে পড়ে পুলিশের পরিদর্শক আবু আলম হামলার শিকার হন। তাঁকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে প্রায় আড়াই বছর পর বুধবার খুলেছে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। কার্যালয় খুলে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। গোপালগঞ্জ সদরেও বিক্ষোভ মিছিল হয়েছে। আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা আদালত বর্জন করে বিক্ষোভ করেন।

এ পরিস্থিতিতে শিক্ষার্থী ও জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন করে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার সকালে জেলা শহরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দেখা গেলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কাটেনি। সড়কে যানবাহন চলাচল ছিল খুবই কম। কিছু দোকানপাট খুললেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল নগণ্য। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের চলাফেরায়ও সতর্কতা দেখা গেছে।

এদিকে টুঙ্গিপাড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) পলাশ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘থানার কোনো কার্যক্রম নেই। থানা তো পুড়িয়ে দিয়েছে। পুলিশ সদস্যরা যে যার মতো নিরাপদে আছে।’

ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো নির্দেশনা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী, সব পুলিশ সদস্য নিরাপদ স্থানে থাকবেন।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০