আলফাডাঙ্গায় স্ত্রীকে তালাক দিয়ে দুধে গোসল, মিষ্টি বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্ত্রীকে তালাক দিয়েছেন হোসেন মৃধা নামে এক ব্যক্তি। স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। একই সঙ্গে এলাকায় এক মণ মিষ্টি বিতরণ করে নিজেকে ‘পাপমুক্ত’ ঘোষণা করেন। ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে এলাকায় কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ফলিয়া গ্রামে নিজের বাড়িতে এ আয়োজন করেন হোসেন মৃধা। তাঁর দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের খবর ছড়িয়ে পড়লে ঘটনাটি দেখতে বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, ফলিয়া গ্রামের মনিহাল মৃধার ছেলে হোসেন মৃধা পেশায় প্রথম শ্রেণির মেরিন মাস্টার। প্রায় ১৮ বছর আগে একই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আশরাফিয়া পিংকীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
সম্প্রতি স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। এ নিয়ে দীর্ঘদিন টানাপোড়েন চলার পর শেষ পর্যন্ত স্ত্রীকে তালাক দিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন হোসেন মৃধা।
নিজের সিদ্ধান্তের বিষয়ে হোসেন মৃধা বলেন, ১৮ বছরের সংসারে তাঁদের তিনটি সন্তান রয়েছে। সংসারের সুখ-শান্তি বিসর্জন দিয়ে দিনের পর দিন তিনি পরিস্থিতি সহ্য করেছেন। তবে স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ও অতিষ্ঠ হয়ে পড়েন।
তিনি আরও বলেন, নিজের মানসিক শান্তি এবং সন্তানদের সুন্দর ভবিষ্যতের কথা বিবেচনা করে বাধ্য হয়ে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের মাধ্যমে নিজেকে কলঙ্কমুক্ত ও পাপমুক্ত করেছেন বলেও দাবি করেন তিনি।
১৮ বছরের দাম্পত্য জীবনের এমন পরিণতি এবং বিচ্ছেদের পর ব্যতিক্রমী আয়োজনের ঘটনাটি আলফাডাঙ্গায় আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে।
১৫৯ বার পড়া হয়েছে