সালথায় গ্রামীণ ব্যাংক ভবনে আগুন দেওয়ার চেষ্টা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা ভবনে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র অক্ষত রয়েছে।
ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা ভবনে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত ব্যাংকটির সালথা শাখায় এ ঘটনা ঘটে।
ব্যাংক সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা কেরোসিনমাখানো মশাল দিয়ে ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। এ সময় নিচতলা থেকে ধোঁয়া বের হতে দেখে শাখা ব্যবস্থাপক মো. রাজীব হোসেন ও তাঁর সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে মোটরের সাহায্যে পানি ছিটিয়ে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ব্যাংকের কোনো আসবাবপত্র বা নথিপত্রের ক্ষতি হয়নি।
শাখা ব্যবস্থাপক মো. রাজীব হোসেন জানান, রাতে নিজের কক্ষে শুয়ে থাকা অবস্থায় জানালা দিয়ে নিচতলা থেকে ধোঁয়া উঠতে দেখেন তিনি। বিষয়টি বুঝতে পেরে দ্রুত নিচে নেমে সহকর্মীদের নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে মোটরের পানি দিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন তাঁরা।
তিনি আরও জানান, বুধবার সকালে বিষয়টি সালথা থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
১৬০ বার পড়া হয়েছে