গৌরনদীতে জর্দা শামীমের আস্তানায় বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরিশালের গৌরনদীতে আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে সাতটি বিদেশি পিস্তলসহ মোট আটটি আগ্নেয়াস্ত্র, ৩৩টি ম্যাগাজিন ও ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বরিশালের গৌরনদীতে আলোচিত জর্দা শামীমের সহযোগীদের একটি আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাটাজোর এলাকার একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার দুপুরে এসআরবি-৮-এর মিডিয়া সেল অভিযানের বিষয়টি নিশ্চিত করে।
এসআরবি-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানের সময় ওই বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে সাতটি বিদেশি পিস্তলসহ মোট আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগান। এ ছাড়া ৩৩টি পিস্তলের ম্যাগাজিন এবং বিভিন্ন ধরনের ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
অভিযানে অস্ত্রের বিভিন্ন সরঞ্জাম, মোবাইল ফোন ও আলামত সংরক্ষণের ব্যাগও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহে আলম, শাথিল আহমেদ বিশ্বাস ও রবিউল বেপারী।
অভিযান পরিচালনাকারী সংস্থার প্রাথমিক তদন্তে জানা গেছে, আলোচিত জর্দা শামীম গ্রেপ্তার হওয়ার পর তাঁর কাছে থাকা অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে গৌরনদীতে তাঁর মালিকানাধীন শাহী ৯৯ পার্কে নেওয়া হয়। পরে সহযোগীদের মাধ্যমে এসব অস্ত্র গোপনে সংরক্ষণ ও কেনাবেচার ব্যবস্থা করা হয়েছিল বলে ধারণা করছে সংস্থাটি।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের উৎস, এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় এবং এসব অস্ত্র কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখছে এসআরবি-৮।
গ্রেপ্তার তিনজন ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।
অবৈধ অস্ত্রের মজুত, সরবরাহ ও সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে এসআরবি-৮।
১৬৫ বার পড়া হয়েছে