আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেয়ার ডাক প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ২:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে দলটির সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান ঠেকাতে দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দলটি নিজেরাই প্রমাণ করেছে যে তারা কোনো রাজনৈতিক দল নয়।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন সংসদ নেতা তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত পলাতক ফ্যাসিস্ট অপশক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী দলটির বেপরোয়া কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, বর্তমান সরকার ও সংসদ যখন দেশকে স্বনির্ভর ও পুনর্গঠনের পথে এগিয়ে নিচ্ছে, তখন পতিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সন্ত্রাস শুরু করেছে। ‘চোর না শুনে ধর্মের কাহিনী’ প্রবাদ উল্লেখ করে তিনি বলেন, সুযোগ পেলেই দলটির চরিত্র যে পরিবর্তন হয় না, সাম্প্রতিক ঘটনাগুলোতে তা আবারও প্রমাণিত হয়েছে।
তারেক রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে গণতন্ত্রকামী মানুষের বাড়িঘরে আগুন দেওয়া এবং হত্যার উদ্দেশ্যে তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। তাঁর ভাষ্য, সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটি নিজেদের রাজনৈতিক পরিচয় হারিয়ে একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিতি দিয়েছে।
বিদেশে অবস্থানরত এসব ব্যক্তিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়াদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যারা সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের অবস্থান এর মাধ্যমে স্পষ্ট হয়েছে। তারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পরিবর্তে সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দেশের মানুষ কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য লড়াই করেনি।
ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান ঠেকাতে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদে প্রতিনিধিত্বকারী এবং সংসদের বাইরের সব গণতান্ত্রিক দলের উদ্দেশে তিনি বলেন, ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে সবাইকে এক মঞ্চে দাঁড়াতে হবে।
এ সময় তিন দশক আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া একটি স্লোগান স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, ‘ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’
বাংলাদেশকে আর কখনো কোনো তাবেদার শক্তির হাতে সঁপে দেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যাদের হাতে গোলামির জিঞ্জির, সেই শক্তিকে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।
চব্বিশের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পতিত স্বৈরাচারের যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার শপথের মধ্য দিয়ে সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৫১ বার পড়া হয়েছে