হিলিতে ট্রেনের যাত্রাবিরতি নিয়ে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের হিলি রেলস্টেশনে ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। 'কিশোরগঞ্জ এক্সপ্রেস' নামের একটি ফেসবুক পেজের বিরুদ্ধে স্থানীয় অধিবাসী হাকিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে মিথ্যা অপপ্রচার বন্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তে সম্প্রতি হিলি রেলস্টেশনে ঢাকাগামী আন্তনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চালু হয়। এতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত চাহিদা পূরণ হলেও একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজ থেকে বিষয়টি নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা গেছে, গত ১৫ নভেম্বর একটি ভিডিওতে দাবি করা হয় যে হিলি সীমান্তে ট্রেন থামলে এলাকায় মাদক চোরাচালান বৃদ্ধি পাবে। এমনকি যেসব ট্রেনের নির্ধারিত স্টপেজ নেই, সেগুলোও মাদক চক্রের চাপে চালকরা থামাতে বাধ্য হন বলে মিথ্যা দাবি প্রচার করা হয়।
এসব বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন অভিযোগকারী। তাঁর মতে, এ ধরনের অসত্য তথ্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি সীমান্ত এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম জানান, ফেসবুক পেজের বিরুদ্ধে জমা পড়া লিখিত অভিযোগটি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২১৯ বার পড়া হয়েছে