নেতানিয়াহুর আর ক্ষমতায় থাকা উচিত নয়: আইজেনকট
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১১:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আর এক মুহূর্তও ক্ষমতায় থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী গাদি আইজেনকট। নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক সহযোগীর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর রোববার (১৫ নভেম্বর) তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে অভিযোগের দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন আইজেনকট।
আইজেনকটের অভিযোগ, নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ ঘটনায় দ্রুত তদন্ত শুরু করার আহ্বানও জানিয়েছেন তিনি।
ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন আরব-ইসরায়েলি দল রা’আমের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। এ সময় তিনি পুলিশের কাছে একটি গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্য তুলে ধরেছিলেন বলে জানা গেছে।
ওই তথ্যের ভিত্তিতে রা’আমের তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পরবর্তী সময়ে তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। এরপর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে আইজেনকটের দল। এক বিবৃতিতে দলটি জানায়, অভিযোগের পেছনের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
তবে নেতানিয়াহুর কার্যালয় চ্যানেল ১২-এর প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি করেছে। তাদের বক্তব্য, নর্ডেন একজন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন।
এদিকে বিরোধী দলগুলোর অভিযোগ, ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যে নেতানিয়াহু আরব দলগুলোকে বিতর্কিত করার চেষ্টা করছেন। একই সঙ্গে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি।
গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা আইজেনকটের বিরোধী জোট—কোনোটিই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। দেশটির দুটি প্রধান আরব দল আইজেনকটকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। গত সপ্তাহে তাঁকেই সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়।
এর আগে শনিবার নেতানিয়াহু আইজেনকটকে জাতীয় ঐক্যের সরকার গঠনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে নেতানিয়াহুর ওই প্রস্তাবকে রাজনৈতিক কৌশল হিসেবে অভিহিত করেছেন আইজেনকট।
১২৫ বার পড়া হয়েছে