সর্বশেষ

জাতীয়

বিজয় দিবসে স্মৃতিসৌধসহ দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ দেশের সব অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মহান বিজয় দিবসের জাতীয় কর্মসূচি সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তুতিমূলক আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত এবং পুষ্পস্তবক অর্পণের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে স্মৃতিসৌধ এলাকা ও প্রবেশপথে পর্যাপ্তসংখ্যক সিসিটিভি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট পুলিশ নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযুক্ত থাকবে।

বিজয় দিবস উদ্‌যাপনকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশেষ শাখাসহ (এসবি) অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহন তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন স্থানে বিজয় দিবসের অনুষ্ঠানস্থলেও বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।

যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। একই সঙ্গে জরুরি সেবা প্রদানের জন্য জাতীয় স্মৃতিসৌধসহ দেশের সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি প্রস্তুত রাখা হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০