ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্যে ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৩:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে একের পর এক ভিন্নধর্মী বক্তব্য দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনও তিনি ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা নাকচ করছেন, আবার কখনও যুদ্ধের সমাপ্তি টানতে আলোচনার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলছেন। তাঁর এমন পরস্পরবিরোধী অবস্থানে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ার পাশাপাশি কাতারের মধ্যস্থতা প্রচেষ্টাও বাধার মুখে পড়েছে।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে একধরনের অসংগতি দেখা যাচ্ছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলা, টেলিভিশন সাক্ষাৎকার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্টে যুদ্ধের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ভিন্ন ভিন্ন অবস্থান তুলে ধরছেন তিনি। ফলে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক পরিকল্পনা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
নির্বাচনের পরদিন ট্রাম্প স্বীকার করেন, ইরান যুদ্ধ এবং এর কারণে বিশ্ব অর্থনীতিতে তৈরি হওয়া অস্থিরতা নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ। তবে যুদ্ধ শুরু করার সিদ্ধান্তকে সঠিক বলেই দাবি করেন তিনি।
চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। সামরিক দিক থেকে যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
কিন্তু গত বৃহস্পতিবার তাঁর বক্তব্যে আবারও পরিবর্তন দেখা যায়। যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি টানার ক্ষেত্রে তাড়াহুড়োর প্রয়োজন আছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প। একই সঙ্গে তেহরানের সঙ্গে নতুন কোনো চুক্তির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া ইরানের সঙ্গে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রধান আলোচকের দায়িত্ব পালন করা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে আলোচনার পরিবর্তে প্রশাসনের অভ্যন্তরীণ জালিয়াতিবিরোধী অভিযানে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম এপির বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের বক্তব্যের এই পরিবর্তন ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ করেনি। অথচ যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের প্রভাব মোকাবিলা করতে হচ্ছে সেই মিত্র দেশগুলোকেও।
গত শুক্রবার ডেনভারে ডেমোক্র্যাটদের নির্বাচন-পরবর্তী এক সমাবেশের ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে নিউ জার্সির ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার ট্রাম্পের সমালোচনা করেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এখন এমন একজন অগ্নিসংযোগকারীর মতো আচরণ করছেন, যিনি আমাদের পররাষ্ট্রনীতিতে আগুন লাগিয়ে দিয়েছেন। এখন তিনি সেখান থেকে সরে যেতে চাইছেন।’
নির্বাচনের পর ইরান নিয়ে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে হোয়াইট হাউস সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, ট্রাম্পের কৌশলের কারণে ইরানের অর্থনীতি ভেঙে পড়ার পথে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার। দেশটি এখনো একটি অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রস্তাবিত চুক্তির অন্যতম লক্ষ্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা।
পারস্য উপসাগর থেকে বিশ্বের বিভিন্ন বাজারে তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভবিষ্যতে আলোচনার পথও খোলা রাখতে চায় দোহা।
তবে মধ্যপ্রাচ্যের দুই কূটনীতিকের মতে, ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টা এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
এ বিষয়ে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বরাত দিয়ে জানা গেছে, ট্রাম্পের বক্তব্য প্রকাশের আগে ভ্যান্স ইরানের জ্যেষ্ঠ আলোচকদের সঙ্গে আবার যোগাযোগ শুরুর সম্ভাবনা বিবেচনা করছিলেন। ট্রাম্প ভ্যান্সের পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই জানতেন। তবে তাঁর ধারণা, ইরানের প্রতিনিধিরা আলোচনার ক্ষেত্রে আন্তরিক নন।
এদিকে যুদ্ধের সামরিক লক্ষ্য অর্জিত হয়েছে বলে ঘোষণা দেওয়ার ব্যাপারে ক্রমেই আত্মবিশ্বাসী হয়ে উঠছেন ট্রাম্প। কিন্তু বাস্তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো ঝুঁকিপূর্ণ।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিতর্কিত এই জলপথে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা ও হামলার চেষ্টার ঘটনা গত অক্টোবরে গত ফেব্রুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
এক আঞ্চলিক কূটনীতিকের ভাষায়, শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ কার্যত স্থবির হয়ে আছে। হোয়াইট হাউস থেকে ট্রাম্পের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা পাওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
অন্যদিকে ইরানের অবস্থানেও নমনীয়তার স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত ইরানের উপরাষ্ট্রদূত গোলামহোসেইন দারজি বলেন, ‘ইরান কখনও কূটনীতির দরজা বন্ধ করেনি।’ তবে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আবারও বোমা হামলা শুরু করলে ইরান তাৎক্ষণিক ও চূড়ান্ত জবাব দেবে বলেও সতর্ক করেন তিনি।
চলতি সপ্তাহের শুরুতে মার্কো রুবিও বলেন, মধ্যস্থতাকারীরা আলোচনা চালিয়ে গেলে যুক্তরাষ্ট্রের তাতে কোনো আপত্তি নেই।
ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির ব্যবস্থাপনা পরিচালক মাইকেল সিং মনে করেন, বর্তমান অচলাবস্থা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। তাঁর ধারণা, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরোধ সহজে কাটবে না।
এদিকে হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণের ঘটনায় গত কয়েক ঘণ্টায় অন্তত চারটি তেলবাহী জাহাজে আগুন লাগার দাবি করেছে ইরানের নৌবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তবে ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর নাম কিংবা সেগুলো কোন দেশের, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
আইআরজিসির দাবি, আগুন লাগা জাহাজগুলোর একটি দক্ষিণ হরমুজ এলাকায় চলাচলকারী সুপারট্যাঙ্কার। এই পরিস্থিতিতে যুদ্ধের সামরিক সমাপ্তি নিয়ে ট্রাম্পের বক্তব্যের বিপরীতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তাঝুঁকি এখনো বহাল রয়েছে।
১৩১ বার পড়া হয়েছে