সর্বশেষ

প্রযুক্তি

বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, মুছে যাবে সব তথ্য

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মূল প্রতিষ্ঠান মেটা। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬-এর পর একই মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা সব অতিরিক্ত প্রোফাইল স্থায়ীভাবে মুছে ফেলা হবে। এরই মধ্যে নতুন করে অতিরিক্ত প্রোফাইল তৈরির সুযোগ বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এ সিদ্ধান্তে ব্যবহারকারীদের মূল ফেসবুক প্রোফাইলের কোনো প্রভাব পড়বে না।

এত দিন একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে একাধিক অতিরিক্ত প্রোফাইল তৈরি করতে পারতেন ব্যবহারকারীরা। ব্যক্তিগত আগ্রহ, পছন্দ কিংবা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার জন্য এসব প্রোফাইল ব্যবহার করা হতো। প্রতিটি অতিরিক্ত প্রোফাইলের জন্য আলাদা বন্ধু তালিকা, সংবাদপ্রবাহ এবং বিভিন্ন গ্রুপ ও পেজ অনুসরণের সুবিধা ছিল।

অতিরিক্ত প্রোফাইলগুলো মূল প্রোফাইল থেকে আলাদা হিসেবে পরিচালিত হলেও একই মেটা অ্যাকাউন্টের অধীনে থাকত। ফলে একটি লগইন তথ্য ব্যবহার করেই সব প্রোফাইলে প্রবেশ করা যেত। তবে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে একই মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা সব অতিরিক্ত প্রোফাইল মুছে যাবে। অবশ্য আলাদা মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা প্রোফাইলগুলো এ সিদ্ধান্তের আওতায় পড়বে না।

মেটার ভাষ্য, অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করলেও বিভিন্ন উপায়ে সেগুলোর সঙ্গে মূল প্রোফাইলের সম্পর্ক শনাক্ত করা সম্ভব। একই নাম বা ছবি ব্যবহার, একই ব্যক্তিদের বন্ধু হিসেবে যুক্ত করা, একই গ্রুপে যোগ দেওয়া, একই পেজ অনুসরণ কিংবা একই পোস্টে প্রতিক্রিয়া জানানোর মাধ্যমে প্রোফাইলগুলোর মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যেতে পারে।

এ ছাড়া অতিরিক্ত প্রোফাইলের কার্যক্রম থেকে পাওয়া তথ্য ব্যবহার করে মেটা তার বিভিন্ন সেবায় ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী বিষয়বস্তু ও বিজ্ঞাপন দেখায়। একটি প্রোফাইলে ব্যবহারকারীর কার্যক্রমের ভিত্তিতে অন্য প্রোফাইলেও বন্ধু, গ্রুপ, পেজ ও বিভিন্ন বিষয়বস্তুর সুপারিশ করা হতে পারে।

অতিরিক্ত প্রোফাইলের গোপনীয়তা ও বিজ্ঞপ্তি-সংক্রান্ত সেটিংস আলাদাভাবে নিয়ন্ত্রণের সুযোগ ছিল। ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারতেন, কারা তাঁদের পোস্ট দেখতে পারবেন, কারা বন্ধুত্বের অনুরোধ পাঠাতে পারবেন এবং কে প্রোফাইলে ট্যাগ করতে পারবেন। আবার একটি প্রোফাইল থেকে কাউকে বাধা দিলেও অন্য প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবে সেই বাধা কার্যকর হতো না।

মেটা জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইল ব্যবহারের কারণে ব্যবহারকারীর মূল প্রোফাইলও অন্যদের কাছে সুপারিশ করা হতে পারে। ফোন নম্বর বা ই-মেইল ঠিকানার মাধ্যমে মূল প্রোফাইল খুঁজে পাওয়ার অনুমতি চালু থাকলে অন্যরা সহজেই সেটি খুঁজে পেতে পারেন। একইভাবে, ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একই মেটা অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকলেও মূল প্রোফাইল অন্যদের কাছে সুপারিশ করা হতে পারে।

এদিকে, ব্যবহারকারীদের ধাপে ধাপে নতুন অ্যাকাউন্ট ব্যবস্থায় স্থানান্তর করছে মেটা। এ কারণে কারও অ্যাকাউন্টের সেটিংসে ‘অ্যাকাউন্টস সেন্টার’, আবার কারও ক্ষেত্রে ‘মেটা অ্যাকাউন্ট সেটিংস’ অপশন দেখা যেতে পারে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বৈধ আইনি অনুরোধের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করা হতে পারে। এ ক্ষেত্রে অতিরিক্ত প্রোফাইলের তথ্যও দেওয়া হতে পারে। তথ্য সরবরাহের পুরো প্রক্রিয়ায় মেটার গোপনীয়তা নীতি ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
প্রযুক্তি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০