সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ-ঝিনাইদহে আজকে বিয়ে পড়ানো ও তালাক বন্ধ! 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বর্তমানে কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের নিজ নিজ এলাকার দায়িত্ব বহাল রাখা এবং নতুন করে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুই জেলায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন নিকাহ রেজিস্ট্রাররা। তাঁদের কর্মবিরতির কারণে দুই জেলাতেই বিয়ে ও তালাক নিবন্ধনের কার্যক্রম বন্ধ রয়েছে।

নতুন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের দাবি, বর্তমানে দায়িত্ব পালন করা নিকাহ রেজিস্ট্রারদের নিজ নিজ এলাকার দায়িত্ব বহাল রাখতে হবে এবং নতুন নিয়োগের সিদ্ধান্ত বাতিল করতে হবে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদের জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার ৪৫টি ইউনিয়ন ও চারটি পৌরসভার সব নিকাহ রেজিস্ট্রার অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, আইন মন্ত্রণালয় লাইসেন্সভুক্ত এলাকার বিভাজন করে প্রতি ইউনিয়নে তিনজন, প্রতিটি পৌর ওয়ার্ডে একজন এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে তিনজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও হঠকারী উল্লেখ করে তাঁরা বলেন, বর্তমানে কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের অনেকেই আর্থিক সংকটে রয়েছেন। বিভিন্ন ইউনিয়নে বছরে বিয়ের সংখ্যা কম এবং নগদ মোহরের পরিমাণও কম হওয়ায় তাঁদের দীর্ঘদিন ধরে আর্থিক অনটনের মধ্য দিয়ে চলতে হচ্ছে। এ অবস্থায় নতুন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের কোনো যৌক্তিকতা নেই।

বক্তারা আরও বলেন, তাঁদের দাবি মেনে নেওয়া না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

কর্মসূচিতে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি কাজী সেতাউর রহমান, সাধারণ সম্পাদক কাজী আব্দুল বারী, নির্বাহী সভাপতি কাজী মোজাম্মেল হক এবং পৌরসভার কাজী দুরুল আলমসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নিকাহ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, একই দাবিতে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও কলমবিরতি কর্মসূচি পালন করেন জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সদস্যরা।

সেখানে বক্তারা বলেন, বর্তমানে দেশের প্রতিটি ইউনিয়নে একজন করে নিকাহ রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন। তবে সরকার নতুন করে প্রতিটি ইউনিয়নে আরও দুজন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

তাঁদের আশঙ্কা, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে একই এলাকায় একাধিক নিকাহ রেজিস্ট্রারের মধ্যে প্রতিযোগিতা তৈরি হবে। এতে নতুন নিয়োগ পাওয়া ব্যক্তিদের পাশাপাশি বর্তমানে দায়িত্বে থাকা নিকাহ রেজিস্ট্রাররাও আর্থিক সংকটে পড়বেন।

কর্মসূচি চলাকালে দুই জেলাতেই বিয়ে ও তালাক নিবন্ধনের কার্যক্রম বন্ধ রাখেন নিকাহ রেজিস্ট্রাররা।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০