থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে দেশটির পুলিশ।
থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ভোর ৩টা ১৭ মিনিটে ফুকেটের একটি বাণিজ্যিক শপহাউসে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে গাড়ি ভাড়ার ব্যবসা পরিচালিত হতো। একপর্যায়ে আগুন আশপাশের কয়েকটি ভবনেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা। তবে এর আগেই প্রাণহানির ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। তবে নিহত ও আহত ব্যক্তিদের মধ্যে কোনো পর্যটক ছিলেন না।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি ফুকেটের পশ্চিম উপকূলে জনপ্রিয় পাতং সমুদ্রসৈকত এলাকার কাছাকাছি একটি শহরে অবস্থিত। এলাকাটি পর্যটকদের কাছে বেশ পরিচিত।
উল্লেখ্য, এ অগ্নিকাণ্ডের মাত্র চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছিল।
১৭৯ বার পড়া হয়েছে