কুড়িগ্রামে ৩ মাস ধরে গৃহবধূ নিখোঁজ, পুলিশি তদন্তেও মিলছে না সুরাহা
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩ মাস ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন গৃহবধূ নাসিমা বেগম। ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে এবং পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও এখনো তাঁর কোনো হদিস মেলেনি। মায়ের ফেরার পথ চেয়ে দিশাহারা স্বামী ও সন্তানরা।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট নাগেশ্বরীতে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন নাসিমা বেগম। স্বজনদের সঙ্গে কুড়িগ্রাম যাওয়ার পথে আজমাতা ব্রিজপাড় এলাকায় তিনি গাড়ি থেকে নামেন। এরপর ননদের বাড়ি হয়ে আন্ধারীরঝাড় বাজার মোড়ে এসে অটো থেকে নামার সিসিটিভি ফুটেজ পাওয়া গেলেও তার পর থেকে তিনি সম্পূর্ণ অলক্ষে চলে যান।
নিখোঁজের পর নাগেশ্বরীর এক ব্যক্তি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁকে হস্তান্তরের প্রস্তাব দেন, যা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়। এদিকে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারীর এক প্রত্যক্ষদর্শী জানান, নিখোঁজের দুই দিন পর নাসিমা বেগমকে একটি বাড়িতে অচেতন অবস্থায় দেখা গিয়েছিল। তবে স্বজনরা পৌঁছানোর আগেই রহস্যজনকভাবে বাড়িটি খালি করে সপরিবারে আত্মগোপন করে সন্দেহভাজনরা।
নাসিমা বেগমের স্বামী নজরুল ইসলাম জানান, ১৯৯৭ সালে দিল্লিতে বিয়ে করার পর দীর্ঘদিন ব্যবসা সূত্রে সেখানেই বসবাস করছিলেন তাঁরা। কিন্তু সম্প্রতি দিল্লির সম্পদ বিক্রি করে পরিবারসহ স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে আসেন। এমন পরিস্থিতির মুখে স্ত্রীর আকস্মিক নিখোঁজে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাঁরা।
ঘটনায় নিখোঁজের ছেলে নাসিম মিয়া বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে নাগেশ্বরী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে একজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান জানান, এটি অপহরণ নাকি স্বেচ্ছায় অন্তর্ধান, সে বিষয়ে পুলিশ এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। তবে রহস্য উন্মোচনে আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
১০৪ বার পড়া হয়েছে