সর্বশেষ

জাতীয়

জানুয়ারিতেই প্রথম ধাপের ভোট, ডিসেম্বরের মধ্যেই সংলাপ: ইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৮:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কিংবা দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। বরং স্থানীয় সরকার নির্বাচন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। আগামী বছরের প্রথমার্ধে পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদগুলোতে ভোট গ্রহণের পরিকল্পনা করেছে কমিশন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির ১৪তম কমিশন সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ধাপ ও ইউনিয়নের সংখ্যা নির্ধারণ নিয়ে কমিশন সভায় আলোচনা হয়েছে। পাঁচটি ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে পঞ্চম ধাপে তুলনামূলক কমসংখ্যক ইউনিয়ন রাখা হয়েছে। আইনি জটিলতা কিংবা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নে নির্ধারিত সময়ে নির্বাচন করা সম্ভব হবে না, সেগুলো পরবর্তী সময়ে সমন্বয়ের সুযোগ রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আনুমানিক ১৩১টি উপজেলায় ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণ হতে পারে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলায় প্রায় ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলায় ১ হাজার ২টি এবং চতুর্থ ধাপে ৯৩টি উপজেলায় ৭৯৩টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট হতে পারে।

কোন কোন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা আগামী বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে জানা যাবে।

জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করবে নির্বাচন কমিশন। এ বিষয়ে সানাউল্লাহ জানান, নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে।

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা হবে। আগামী ১০ ডিসেম্বরের আগেই তিন দিনব্যাপী এই সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

ইসি জানিয়েছে, আগামী বছরের প্রথমার্ধে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য তারিখগুলো হলো—

প্রথম ধাপ: ২১ জানুয়ারি
দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি
তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল
চতুর্থ ধাপ: ১৩ মে
পঞ্চম ধাপ: ২৭ মে

প্রতিটি নির্বাচনের সম্ভাব্য ভোটের দিন বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করবেন। ২১ জানুয়ারির ৫০ দিন আগে-পরে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান সানাউল্লাহ।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কিংবা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে তাঁরা মনে করেন না। বরং কোনো কোনো ক্ষেত্রে এ নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সহায়তা করতে পারে।

স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাপানোর কাজে সাময়িক সফটওয়্যার জটিলতা দেখা দিয়েছে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ।

তিনি বলেন, গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে সমস্যা হচ্ছে। বিষয়টি শনাক্ত করে সমাধানের চেষ্টা চলছে। তবে এ কারণে এনআইডিসেবা বন্ধ হয়নি।

কোনো নাগরিকের এনআইডি সংশোধনের আবেদন অনুমোদিত হলে তিনি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সংশোধিত পরিচয়পত্র প্রিন্ট করে লেমিনেট করে ব্যবহার করতে পারবেন। আপাতত শুধু স্মার্ট কার্ড ছাপানোর কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে।

সানাউল্লাহ আরও জানান, দীর্ঘদিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর কাজে চুক্তিসংক্রান্ত জটিলতা রয়েছে। ২০১৭ সালের ১ জুলাই থেকে এ সমস্যার সূত্রপাত। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করা হয়নি। পাশাপাশি একটি অডিট আপত্তিও এখনো অনিষ্পন্ন রয়েছে।

এসব জটিলতা কীভাবে সমাধান করে কার্যক্রম চালু রাখা যায়, তা নিয়ে কমিশন আলোচনা করেছে। জাতীয় গুরুত্বপূর্ণ সেবা হওয়ায় এ কার্যক্রম বন্ধ রাখা সম্ভব নয় বলে জানান তিনি।

আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সংরক্ষিত ইভিএমগুলো কীভাবে নিষ্পত্তি করা যায়, সে বিষয়ে গঠিত কমিটির কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করেছে কমিশন।

সানাউল্লাহ বলেন, দেশের বিভিন্ন স্থানে সংরক্ষিত ইভিএমের সংখ্যা ও বর্তমান অবস্থা নিরূপণের উদ্যোগ নেওয়া হবে। এ কার্যক্রম গাজীপুর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। কারণ, সেখানে সবচেয়ে বেশি ইভিএম সংরক্ষিত আছে।

পরে সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে এসব ইভিএম নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে একাধিক পদ্ধতি বিবেচনায় রয়েছে। কোন পদ্ধতি অনুসরণ করা হবে, তা কমিটির সুপারিশ পাওয়ার পর চূড়ান্ত করা হবে।

ইভিএম নিষ্পত্তির বিষয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, তদন্ত কমিশন এবং দুর্নীতি দমন কমিশনের সংশ্লিষ্টতার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে জাতীয় পরিচয়পত্রের সেবা আরও সহজ ও জনবান্ধব করতে একটি কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। সানাউল্লাহ বলেন, এনআইডিসেবা দিতে গিয়ে অভ্যন্তরীণ ও বাইরের যেসব সমস্যা তৈরি হচ্ছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়াই এ কর্মশালার মূল উদ্দেশ্য।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০