সর্বশেষ

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের প্রথম ১০ মাসে দেশজুড়ে ১১ হাজার ৮০৮টি অভিযান চালিয়ে ৭০ হাজার ১৯৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করেও রেহাই পাচ্ছেন না অভিবাসীরা। সম্প্রতি সেলাঙ্গর রাজ্যে এক অভিযানে খাটের নিচে লুকিয়ে থাকা এক ব্যক্তিকেও আটক করেছেন কর্মকর্তারা।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের শনাক্ত ও আটকের জন্য আবাসিক ভবন, শ্রমিকদের আবাসস্থল, খাবারের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং নির্মাণস্থলে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। দেশটির অভিবাসন বিভাগের এসব অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকেরা আটক হচ্ছেন।

দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়াজুড়ে ১১ হাজার ৭৫৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৬৯ হাজার ৭৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। একই সময়ে ৪৭ হাজার ৫৫৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

তবে গত ১২ নভেম্বর দেশটির সংসদে উপস্থাপিত তথ্যে অভিযানের সংখ্যা ও আটকের পরিমাণ আরও বেশি বলে জানানো হয়। ওই তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১১ হাজার ৮০৮টি অভিযান চালিয়ে ৭০ হাজার ১৯৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে। সে হিসাবে প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযান পরিচালনা এবং ২২৮ জনের বেশি বিদেশি নাগরিককে আটক করা হচ্ছে।

সর্বশেষ গত শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টা থেকে সেলাঙ্গর রাজ্যের কামপুং বারু সুবাং, আমপং ও হুলু লাঙ্গাত এলাকায় একযোগে অভিযান চালায় রাজ্য অভিবাসন বিভাগ। তিনটি পৃথক অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৪ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।

‘অপস সাপু’, ‘অপস সেলেরা’ ও ‘অপস কুতিপ’ নামে পরিচালিত এসব অভিযানে আবাসিক এলাকা, খাবারের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। অভিযানের ভিডিও রাজ্য অভিবাসন বিভাগের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন বিদেশি নাগরিক গ্রেপ্তার এড়াতে বিভিন্ন সংকীর্ণ স্থানে লুকানোর চেষ্টা করছেন। তাঁদের একজন খাটের নিচে আশ্রয় নিয়েও শেষ পর্যন্ত কর্মকর্তাদের হাত থেকে রেহাই পাননি।

অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, এসব অভিযানে ১৮ জন কর্মকর্তা অংশ নেন। তাঁরা ৩৮ জনের পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন। বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৩৪ জনকে আটক করা হয়।

আমপং এলাকায় খাবারের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। তাঁদের মধ্যে আটজন মিয়ানমারের এবং একজন করে ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিক। পরে হুলু লাঙ্গাত এলাকায় অভিযান চালিয়ে পোল্যান্ডের একজন নাগরিককেও আটক করা হয়।

এ ছাড়া একজন সাক্ষীকে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে একজন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(গ) ও ১৫(১)(গ) ধারা এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) বিধি অনুযায়ী তদন্ত চলছে।

অন্যদিকে, কামপুং বারু সুবাং এলাকায় পরিচালিত সমন্বিত অভিযানে রাজ্য ইসলামিক ধর্মবিষয়ক বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ এবং শাহ আলম সিটি কাউন্সিলের কর্মকর্তারাও অংশ নেন। সেখানে অনুমোদন ছাড়া জুমার নামাজ পরিচালনার অভিযোগে একটি সুরাউ বা নামাজের স্থান পরিদর্শন করা হয়। এ সময় ইসলামিক ধর্মবিষয়ক বিভাগের কর্মকর্তারা তাঁদের এখতিয়ারভুক্ত বিভিন্ন অভিযোগে ১২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তবে অভিবাসন বিভাগের কর্মকর্তারা সেখানে তল্লাশি চালিয়ে অভিবাসন আইন লঙ্ঘনের কোনো ঘটনা পাননি।

বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করেছে সেলাঙ্গর অভিবাসন বিভাগ। প্রত্যেক বিদেশি কর্মীর বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতিপত্র রয়েছে কি না, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের অবস্থান ও কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে কোনো তথ্য থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের ঘরে না লিখে নির্ধারিত সরকারি যোগাযোগমাধ্যমে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে বিভাগটি।

স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগও রয়েছে

অভিযানের পাশাপাশি অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ দিতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম ২.০) চালু রেখেছে মালয়েশিয়া সরকার। কর্মসূচিটির মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করা হয়েছে।

বৈধ পাস বা অনুমতিপত্র না থাকা কিংবা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করা বিদেশি নাগরিকেরা নির্ধারিত শর্ত পূরণ করে এ কর্মসূচির আওতায় দেশে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে অপরাধের ধরন অনুযায়ী ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা এবং ২০ রিঙ্গিত বিশেষ পাসের ফি দিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় ভ্রমণ নথি ও দেশে ফেরার টিকিট জমা দিতে হবে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত ১১২টি দেশের ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী এ কর্মসূচিতে নিবন্ধন করেছেন। এ সময় জরিমানা ও অন্যান্য ফি বাবদ সরকারের আয় হয়েছে ১২ কোটি ৭০ লাখ রিঙ্গিত।

স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ চালু থাকলেও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। ফলে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অনিয়মিত অভিবাসীদের আটকের ঝুঁকি থাকছেই। একই সঙ্গে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ কিংবা তাঁদের আশ্রয় দেওয়ার অভিযোগে নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০