কুষ্টিয়ার মানুষ এক বন্ধনে
সমিতি হোক সবার, প্রত্যাশার জায়গা থেকে কিছু কথা
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীতে অনুষ্ঠিত ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির ৩০তম বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা বসে। আনন্দঘন এই আয়োজনের পাশাপাশি সমিতির সদস্যপদ, নতুন প্রজন্মের অংশগ্রহণ, সাংগঠনিক ঐক্য ও সম্প্রীতি নিয়ে নিজের প্রত্যাশা ও ভাবনার কথা তুলে ধরেছেন একজন অংশগ্রহণকারী। তাঁর মতে, সমিতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং কুষ্টিয়ার সব মানুষের সম্মিলিত ভালোবাসা ও ঐক্যের ঠিকানা হওয়া উচিত।
১৩ নভেম্বর শুক্রবার। রাজধানীর আই ডি বি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হলো ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতি ৩০তম বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ উপলক্ষে কুষ্টিয়া জেলার সাতটি থানা ও ছয়টি উপজেলার নানা বয়সী, নানা পেশার পরিচিত- অপরিচিত, সিনিয়র- জুনিয়র, বন্ধু-স্বজন, ঘনিষ্ঠ ও সুপরিচিত অনেক মানুষের মিলনমেলায় মুখর হয়ে উঠেছিল অনুষ্ঠানস্থল।
সেখানে যেমন অনেক চেনা মুখের দেখা পেয়েছি, তেমনি দেখা হয়েছে নতুন অনেকের সঙ্গে। তবে সমিতির পুরোনো সদস্য এবং দীর্ঘদিনের পরিচিত অনেকের মুখ চোখে পড়েনি। আবার সমিতির সদস্য না হয়েও জেলার প্রতি ভালোবাসা ও পরিচয়ের টানে অনেকেই উপস্থিত হয়েছিলেন।
সব মিলিয়ে আয়োজনটি বেশ ভালো লেগেছে আমার। কাছে-দূরের অনেক পরিচিত ও ঘনিষ্ঠ মানুষের সঙ্গে দেখা হয়েছে। কারও সঙ্গে ছবি তোলা হয়েছে, কারও সঙ্গে কুশল বিনিময়, আবার সময়ের স্বল্পতায় অনেক প্রিয় মানুষের কাছে যাওয়া কিংবা কথা বলার সুযোগই হয়নি।
অনেকক্ষণ অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকেছি, অথচ এক মিনিটের জন্যও কোথাও বসা হয়নি। কখনো কারও সঙ্গে হাঁটতে হাঁটতে, কখনো দাঁড়িয়ে গল্প-আড্ডায়, আবার কখনো বক্তব্য শুনতে শুনতেই সময় কেটে গেছে। কখন যে ফেরার সময় হয়ে এলো, বুঝতেই পারিনি।
তবে এই আনন্দঘন আয়োজনের মধ্যেও সমিতিকে ঘিরে কিছু ভাবনা আমার মনে এসেছে।
আমার বিশ্বাস, একটি জেলা সমিতির সদস্য হওয়ার যোগ্যতা শুধু আর্থিক সামর্থ্যের মাপকাঠিতে নির্ধারিত হওয়া উচিত নয়। বরং জেলার জ্ঞানী, গুণী, মেধাবী, প্রজ্ঞাবান ও বিবেকবোধসম্পন্ন মানুষদেরও এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ থাকা প্রয়োজন। কারণ একটি সংগঠনের প্রকৃত শক্তি শুধু তার সদস্যসংখ্যা কিংবা আর্থিক সক্ষমতায় নয়; বরং সদস্যদের চিন্তা, মেধা, যোগ্যতা, সততা ও সাংগঠনিক দায়বদ্ধতায়।
ইতোমধ্যে এই সমিতি হারিয়েছে কুষ্টিয়া জেলার অনেক সুযোগ্য ও নিবেদিতপ্রাণ মানুষকে। যাঁদের আন্তরিকতা, শ্রম, মেধা ও উদ্যোগে আজ ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতি একটি পরিচিত অবস্থানে দাঁড়িয়ে আছে। তাঁদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। তাঁদের শূন্যস্থান পূরণে প্রয়োজন নতুন প্রজন্মের মেধাবী, যোগ্য ও দায়িত্বশীল মানুষের অংশগ্রহণ।
সমিতির বিভিন্ন বিষয় নিয়ে অনেকের মুখে নানা আলোচনা-সমালোচনা শুনেছি। নিজ চোখেও কিছু বিষয় দেখেছি। মতের অমিল থাকতে পারে, প্রত্যাশা-প্রাপ্তির ব্যবধানও থাকতে পারে। কিন্তু এসব নিয়ে আমার কোনো ক্ষোভ, দুঃখ কিংবা আক্ষেপ নেই। বরং আয়োজনের সার্বিক পরিবেশ, মানুষের উপস্থিতি এবং পারস্পরিক আন্তরিকতা আমার কাছে ভালোই লেগেছে।
তবে একটি কথা মনে রাখা জরুরি—আমরা যে যেখানেই থাকি, যে অবস্থানেই থাকি, আমাদের শিকড় কিন্তু একই জায়গায়। আমরা সবাই কুষ্টিয়া জেলার মানুষ। আমাদের পরিচয়, আমাদের গর্ব, আমাদের আবেগের একটি বড় জায়গা এই কুষ্টিয়া।
ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতি কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা নির্দিষ্ট কিছু মানুষের সংগঠন নয়। এই সমিতি কুষ্টিয়ার সব মানুষের ভালোবাসা, সম্প্রীতি ও সম্মিলিত উদ্যোগের একটি ঠিকানা হওয়া উচিত।
তাই ছোট-বড়, নবীন-প্রবীণ, প্রতিষ্ঠিত-নবাগত—সবাইকে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, মান-অভিমান ও বিভাজনের ঊর্ধ্বে উঠে ভাবতে হবে।
আর মনে রাখতে হবে, সমিতি আমাদের জন্য; আমরাই সমিতির পরিচয়। কুষ্টিয়ার মানুষের সম্মিলিত ভালোবাসা, মেধা ও ঐক্যেই আরও সমৃদ্ধ হোক ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতি।
পরিচয়ের বন্ধন অটুট থাকুক, সম্পর্কের সেতু আরও দৃঢ় হোক। কুষ্টিয়ার মানুষ একে অপরের পাশে থাকুক—এই প্রত্যাশাই করি।
লেখক: সাংবাদিক।
(লেখাটি লেখকের ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে)
১১০ বার পড়া হয়েছে