২৪ ডিসেম্বরের মধ্যে নতুন বই বিতরণ: শিক্ষামন্ত্রী
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে এবং আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, মেধাবীদের কোনো ভিসা লাগে না, মেধাবীদের কোনো নির্দিষ্ট ঠিকানাও লাগে না। শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার এক লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করে গড়ে তোলা হবে। পাশাপাশি আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘মেধাবীদের কোনো ভিসা লাগে না। মেধাবীদের কোনো ঠিকানা লাগে না।’ তিনি অভিযোগ করেন, বিগত সরকার শিক্ষা খাতকে পিছিয়ে দিয়েছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষা খাতের উন্নয়নে যে অগ্রগতি হয়েছিল, পরবর্তী সময়ে তা পিছিয়ে নেওয়া হয়েছে।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিগত সরকার শিক্ষা খাতে ৮৭ হাজার কোটি টাকা বরাদ্দ দিত। সেখান থেকে আবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতেও অর্থ নেওয়া হতো। ফলে শিক্ষার উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। অন্যদিকে, বর্তমান সরকার শিক্ষার অগ্রগতির জন্য এক লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের ডিআইজি, বরিশাল মহানগর পুলিশ কমিশনারসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে বেলা ১২টায় নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
উচ্চশিক্ষার নতুন অধ্যায়ে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং বিশ্ববিদ্যালয় জীবনে তাঁদের অনুপ্রাণিত করতেই এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান বক্তারা।
১১৬ বার পড়া হয়েছে