সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় হাসপাতালে ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়তলার জানালা দিয়ে নিচে পড়ে শিরিন (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। যে জানালা দিয়ে তিনি নিচে পড়েছেন, সেখানে কোনো গ্রিল ছিল না বলে জানা গেছে।

নিহত শিরিন বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার বাসিন্দা সোলাইমানের স্ত্রী। মাথাব্যথা ও জ্বরে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তাঁকে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের ষষ্ঠ তলার একটি জানালা দিয়ে নিচে পড়ে যান শিরিন। পরে তাঁর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শজিমেক হাসপাতালের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া জানান, জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত ওই নারী নিচে পড়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। তবে এক নারী রোগী হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মারা গেছেন বলে তিনি খবর পেয়েছেন। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।

চিকিৎসা নিতে এসে হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে রোগীদের ব্যবহৃত জানালায় গ্রিল না থাকার বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার দাবি উঠেছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০