ওসির বিরুদ্ধে ঘুষ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৬:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সাবেক ওসি মোহা. নুরে আলম ও এসআই আরিফের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবি এবং পুলিশ হেফাজতে গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোসা. মাহফুজা খাতুন। জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই হয়রানির ঘটনার নিরপেক্ষ তদন্ত ও পরিবারের নিরাপত্তা দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহফুজা খাতুন জানান, গত ৬ জানুয়ারি রাজশাহী থেকে চিকিৎসা শেষে ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফেরার পথে আমনুরা টপাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি বেপরোয়া অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আমনুরা পুলিশ ক্যাম্পের কর্মকর্তা দুর্ঘটনাকবলিত গাড়ি ও অটোরিকশা আটক করে থানায় নিয়ে যান।
অভিযোগে আরও বলা হয়, গাড়িটি মুক্ত করার বিনিময়ে তৎকালীন থানা কর্মকর্তা ও তদন্তকারী পুলিশ সদস্য ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। চাহিদামতো অর্থ না দেওয়ায় কোনো মামলা বা আইনি জব্দ তালিকা ছাড়াই দীর্ঘ ১৬ দিন গাড়িটি খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়। পরবর্তীতে আদালতের আদেশে গাড়িটি উদ্ধার করতে গেলে সেটিতে ব্যাপক ভাঙচুর ও ক্ষয়ক্ষতির চিহ্ন দেখতে পান ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে মাহফুজা খাতুন বিচারিক কার্যক্রমের দীর্ঘসূত্রিতা ও অনিয়মের বিষয়ে প্রশ্ন তুলে তৎকালীন বিচারকদের ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। একইসঙ্গে তিনি ও তাঁর পরিবার পুলিশের অব্যাহত হয়রানি থেকে সুরক্ষা পেতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
১০৭ বার পড়া হয়েছে