গাজীপুরে নতুন করে ২৯ পোশাক কারখানা বন্ধ
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের বিভিন্ন এলাকায় নতুন করে ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ১৩টি কারখানা শনিবার রাতে এবং বাকি ১৬টি রোববার সকালে বন্ধের নোটিশ দেয়। ফলে সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটক থেকে ফিরে যেতে হয়েছে শ্রমিকদের।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের প্রভাবে গাজীপুরের পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে ২৯টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার (১৫ নভেম্বর) সকালে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন এ তথ্য জানান। তিনি বলেন, সকালে কয়েকটি এলাকায় শ্রমিকেরা আন্দোলনের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন। শনিবার রাতেই ১৩টি কারখানার শ্রমিকদের জানিয়ে দেওয়া হয়েছিল, রোববার থেকে কারখানাগুলো বন্ধ থাকবে। পরে সকালে আরও ১৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকেরা। ফলে কর্মস্থলে প্রবেশ না করেই তাঁদের ফিরে যেতে হয়। কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও কারখানা চালুর বিষয়ে নিশ্চিত হতে পারেননি।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। শ্রমিক আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এ পরিস্থিতিতে শনিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) জানায়, কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে এবং শ্রমিকেরা কাজে যোগ না দিলে মালিকপক্ষ কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বাবু বলেন, শিল্পের নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ বজায় না থাকায় সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। এ কারণে চলমান শ্রম অসন্তোষে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়া কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রম আইনের ১৩(১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিক ওই শাখা কিংবা পুরো প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখতে পারবেন। এ ধরনের বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।
গত মাসের শেষ দিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকেরা আন্দোলনে নামেন। রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে ছড়িয়ে পড়া এ আন্দোলন একপর্যায়ে সহিংস রূপ নেয়। এতে একজন শ্রমিক নিহত হন।
শনিবারও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। একই দিন সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। পাশাপাশি আরও সাতটি কারখানায় এক দিনের ছুটি দেওয়া হয়।
শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১১১ বার পড়া হয়েছে