আইএমএফের ঋণ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত সরকারের: অর্থমন্ত্রী
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৮:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্তে রয়েছে সরকার। তবে সংস্থাটির দেওয়া শর্তগুলো দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও সরকারের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এ বিষয়ে চলমান আলোচনা আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচির বিভিন্ন শর্ত নিয়ে সরকারের কিছু মতপার্থক্য রয়েছে। এসব বিষয় সমাধানে দুই পক্ষের দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় শেষে ঋণ কর্মসূচি আবার স্বাভাবিক গতিতে এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকল্প উৎস থেকে অর্থায়নের সুযোগ থাকা সত্ত্বেও কঠোর শর্তের আইএমএফ ঋণ কর্মসূচি চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে সম্পর্ক কিংবা ঋণ কর্মসূচি বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। বরং দেশের অর্থনৈতিক বাস্তবতা, জনগণের স্বার্থ এবং সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচিটি বাস্তবায়ন করতে চায় সরকার।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইএমএফের সঙ্গে বর্তমান ঋণ কর্মসূচির সমঝোতা হয়েছিল আগের অনির্বাচিত সরকারের সময়ে। সে সময় যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়।
তিনি বলেন, হঠাৎ করে এসব শর্ত কার্যকর করা হলে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে শর্ত বাস্তবায়নে সময় ও ধারাবাহিকতা বজায় রাখতে চায় সরকার।
অর্থমন্ত্রী আরও জানান, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করা হয়েছে। একইভাবে আইএমএফের ঋণ কর্মসূচিও সরকারের অগ্রাধিকার ও পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে আলোচনা চলছে।
সরকারের মতে, উন্নয়ন সহযোগীদের বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় না থাকলে প্রকল্প বাস্তবায়নে জটিলতা দেখা দিতে পারে। এ কারণে দেশের উন্নয়ন অগ্রাধিকার, আর্থিক সক্ষমতা ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সহযোগী সংস্থাগুলোর কর্মসূচি এগিয়ে নিতে চায় সরকার।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের ঋণ কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। তবে কর্মসূচির শর্ত বাস্তবায়নের ক্ষেত্রে দেশের বাস্তবতা বিবেচনায় প্রয়োজনীয় পরিবর্তন আনার চেষ্টা চলছে। এ লক্ষ্যে দুই পক্ষের ওয়ার্কিং গ্রুপ আলোচনা চালিয়ে যাচ্ছে।
সরকার আশা করছে, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে আলোচনা ও সমন্বয়ের কাজ শেষ হবে। এরপর আইএমএফের সঙ্গে চলমান ঋণ কর্মসূচি স্বাভাবিক গতিতে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
সরকারের লক্ষ্য, ঋণ কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি শর্তগুলো এমনভাবে বাস্তবায়ন করা, যাতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, জনগণের স্বার্থ ও উন্নয়ন পরিকল্পনা ব্যাহত না হয়।
এদিকে সরকারের ক্রমবর্ধমান ঋণের চাপ সামাল দেওয়া, ঋণ গ্রহণের ব্যয় ও ঝুঁকি কমানো এবং উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়নের নতুন উৎস খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সরকারি ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের আয়োজন করা হয়েছে।
১১৭ বার পড়া হয়েছে