স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক, বসানো হবে স্টেন্ট
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৭:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) বিকেলে তাঁর হৃদ্যন্ত্রে স্টেন্ট (রিং) স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত করেছেন চিকিৎসকেরা। আজ রোববার (১৫ নভেম্বর) বিকেলে তাঁর হৃদ্যন্ত্রে স্টেন্ট (রিং) স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মন্ত্রীর পরিবারের এক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে তিনি জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে মন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে মন্ত্রীর চিকিৎসা চলছে।
এর আগে শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর হৃদ্যন্ত্রের এনজিওগ্রাম করেন। পরীক্ষায় হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে।
হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, ডা. মনিরুজ্জামানের নেতৃত্বাধীন দল মন্ত্রীর এনজিওগ্রাম করেছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে মন্ত্রীর এনজিওগ্রাম করা হয়েছে। এতে তাঁর কোনো শারীরিক জটিলতা নেই বলেও উল্লেখ করা হয়েছিল।
১১৬ বার পড়া হয়েছে