সর্বশেষ

সারাদেশ

'জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ নেবে না'

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড সংশ্লিষ্ট কর্মকর্তার একান্ত ব্যক্তিগত দায়। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের দায় পুলিশ বাহিনী নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, কোনো কর্মকর্তা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তার দায় সম্পূর্ণ ব্যক্তিগত। তিনি ব্যক্তিগত দায় থেকেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছেন। এ ক্ষেত্রে পুলিশ বাহিনীর কোনো দায় নেই এবং বাহিনী কখনো সেই দায় নেবে না।

মামলার বিষয়ে হাসান মো. শওকত আলী জানান, গত শনিবার একটি মামলার এজাহার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে আসে। পরে সেটি পাঁচলাইশ থানায় দাখিল করা হয়। রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ায় আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদন প্রয়োজন ছিল। সেই অনুমোদন পাওয়ার পর পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা হিসেবে এটি নথিভুক্ত করা হয়।

তিনি বলেন, মামলা নথিভুক্ত হওয়ার পরপরই এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি সিএমপির বিশেষ সাড়া প্রদানকারী ইউনিটের হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্তও এই ইউনিট পরিচালনা করবে। নিয়ম অনুযায়ী রোববারই তাঁকে আদালতে হাজির করা হবে।

পুলিশ বাহিনীর মধ্যে এ ঘটনায় মানসিক চাপ তৈরি হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, এটি মানসিক চাপে পড়ার মতো কোনো বিষয় নয়। কারণ, সংশ্লিষ্ট কর্মকর্তার কর্মকাণ্ডের দায় একান্তই তাঁর ব্যক্তিগত।

তিনি আরও বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যে বা যাঁরা নিজেদের সম্পৃক্ত করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছিলেন, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের পরিকল্পনা-সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার কথাও উল্লেখ ছিল।

ডিআইজি জানান, নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়েছিল। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি ও মামলা করার প্রক্রিয়া শুরু হয়।

পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছিলেন এসপি জাহাঙ্গীর। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। পরে নগরের অফিসার্স মেস থেকে এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।

এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০