তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৭:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে লাথি মেরে নিচে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের চালক ও সহকারীদের বিরুদ্ধে। রোববার (১৫ নভেম্বর) সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন।
নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)।
বাসে থাকা একই এলাকার আরেক যাত্রী আতিক বসুনিয়া অভিযোগ করেন, তাঁর কাছে টাকা থাকায় বাসের হেলপার ও সুপারভাইজার তাঁকে জিম্মি করেন। এ সময় তাঁর গলায় গামছা পেঁচিয়ে রাখা হয়। তাঁকে বাঁচাতে মুকুল ও শাকিব এগিয়ে এলে চলন্ত বাস থেকে তাঁদের লাথি মেরে ফেলে দেওয়া হয়।
আতিক বসুনিয়া বলেন, ‘আমার কাছে টাকা ছিল। সবাইকে নামায় দিছে, আমাকে নামায় দেয়নি। গাড়ির হেলপার, সুপারভাইজার, এরা আমাকে জিম্মি করছে। আমার গলায় গামছা প্যাঁচাইছে। তখন মুকুল আর শাকিব আগাই আসছে। গাড়ি চলন্ত অবস্থা দুজনকে লাথি মেরে ফেলে দিছে। পরে আমি চিল্লাইছি।’
তিনি আরও বলেন, একটি মাইক্রোবাসের চালক ঘটনাটি দেখে চিকলীতে বাসটির পথরোধ করেন। পরে স্থানীয় লোকজন এসে বাসটি আটকান। তা না হলে তাঁকেও মেরে ফেলে দেওয়া হতো বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ একই এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাঁদের চাচা আতিক বসুনিয়ার কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর বাস থেকে অন্যদের নামিয়ে দেওয়া হয়। এরপর আতিককে জিম্মি করেন বাসের কর্মীরা। তাঁকে বাঁচাতে মুকুল ও শাকিব এগিয়ে গেলে তাঁদের লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখেন উদ্ধারকারীরা। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী দলের সদস্য ও তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাঁদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।
এদিকে, দুই যাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় লোকজন। তাঁরা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
১০৯ বার পড়া হয়েছে