‘জলসা’র মালিকানা নিয়ে অমিতাভ পরিবারের বিরোধ, জয়ার বিরুদ্ধে অভিযোগ
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাড়ি ‘জলসা’র মালিকানা নিয়ে পারিবারিক বিরোধের খবর সামনে এসেছে। অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রমলা বচ্চন দাবি করেছেন, ১৯৯৩ সালের একটি উপহার দলিলের মাধ্যমে তাঁর মালিকানাধীন সম্পত্তি গোপনে জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল। দলিলটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেছেন, এ ক্ষেত্রে তাঁর সম্মতি নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আন্ধেরির সমবায় সমিতির উপ-নিবন্ধকের কার্যালয়ে আনুষ্ঠানিক শুনানি চলছে।
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুতে অবস্থিত বাড়ি ‘জলসা’ নিয়ে নতুন করে পারিবারিক বিরোধ তৈরি হয়েছে। সম্পত্তিটির মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছেন অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রমলা বচ্চন। তাঁর অভিযোগ, ১৯৯৩ সালে একটি উপহার দলিলের মাধ্যমে সম্পত্তিটি তাঁর অজান্তে জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়।
রমলা বচ্চনের দাবি, ওই সম্পত্তি মূলত তাঁর নামে নিবন্ধিত ছিল। কিন্তু তাঁর অনুমতি ছাড়াই গোপনে একটি উপহার দলিল তৈরি করে মালিকানা পরিবর্তন করা হয়। এ নিয়ে গত সাত মাসে তিনি একাধিক অভিযোগ দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি বর্তমানে আন্ধেরির সমবায় সমিতির উপ-নিবন্ধকের কার্যালয়ে শুনানির পর্যায়ে রয়েছে।
সম্পত্তিটির মালিকানা নিয়ে বিতর্কের পেছনে সরকারি নথি ও হাউজিং সোসাইটির কাগজপত্রের মধ্যে অসংগতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। কাপোল হাউজিং সোসাইটির নথিতে ‘জলসা’র মালিক হিসেবে জয়া বচ্চনের নাম উল্লেখ থাকলেও মহারাষ্ট্র সরকারের প্রপার্টি কার্ডে এখনো রমলা বচ্চনের নাম রয়েছে।
সরকারি নথিতে মালিকানা পরিবর্তন করে জয়া বচ্চনের নাম অন্তর্ভুক্ত করার উদ্যোগের মধ্য দিয়েই পুরোনো এই বিরোধ নতুন করে সামনে আসে। রমলার অভিযোগ, ১৯৯৩ সালের উপহার দলিলটি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তৈরি করা হয়নি।
দলিলের বৈধতা নিয়ে প্রশ্ন
১৯৯৩ সালের উপহার দলিলের বৈধতা নিয়ে একাধিক আপত্তি তুলেছেন রমলা বচ্চন। তাঁর দাবি, দলিলটি কোনো আনুষ্ঠানিক স্ট্যাম্প পেপারে তৈরি হয়নি; বরং সাধারণ সাদা কাগজে লেখা হয়েছিল। এতে স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়নি এবং কোনো আইনি সাক্ষীর স্বাক্ষরও ছিল না বলে অভিযোগ করেছেন তিনি।
এ ছাড়া মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’ প্রকল্পের আওতায় পরবর্তী সময়ে ওই দলিল নিয়মিতকরণ বা বৈধতা পেয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রমলা।
উপ-নিবন্ধক ফৈয়াজ মুলানি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত শুনানি চলছে। সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মালিকানা নিয়ে পাল্টাপাল্টি দাবি এবং উপহার দলিলের বৈধতা যাচাইয়ের বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি। ফলে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কর্তৃপক্ষ।
এদিকে অমিতাভ বচ্চন কিংবা জয়া বচ্চনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিষেক বচ্চনের একজন মুখপাত্রও মন্তব্য করতে রাজি হননি। তিনি বিষয়টিকে পরিবারের অভ্যন্তরীণ ব্যাপার বলে উল্লেখ করেছেন।
মুম্বাইয়ের জুহুতে অবস্থিত ‘জলসা’ অমিতাভ বচ্চনের কাছে শুধু একটি বাড়ি নয়, আবেগেরও জায়গা। দীর্ঘদিন ধরে প্রতি রোববার বাড়িটির বাইরে এসে ভক্তদের অভিবাদন জানান তিনি। অমিতাভের সঙ্গে এই বাড়ির সম্পর্কের কারণে ‘জলসা’ তাঁর ভক্তদের কাছেও বিশেষ পরিচিত। এখন সম্পত্তিটির মালিকানা নিয়ে চলমান বিরোধ কোন দিকে যায়, সেটিই দেখার বিষয়।
১২৬ বার পড়া হয়েছে