গাজায় হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৩:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এবার হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনুস নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংগঠনটি। তিনি ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামাসের রাফাহ ব্রিগেডের দায়িত্বে সামির আবু ইউনুসের আগে ছিলেন নায়েল আবু ওবেইদ। তিনি ‘আবু আতিয়া’ নামে পরিচিত ছিলেন। ২০২৬ সালের সেপ্টেম্বরে তিনি নিহত হওয়ার পর রাফাহ ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব পান সামির আবু ইউনুস।
এর আগে গত বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি, ওই হামলায় হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া আরও কয়েকজন যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
তবে হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ মোট ছয়জন নিহত হন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি হামলাটিকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে।
হামাসের দাবি, তাদের সদস্যদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ইসরাইলের দেওয়া বক্তব্য বেসামরিক চিকিৎসাকেন্দ্রে সংঘটিত নতুন যুদ্ধাপরাধ আড়াল করার একটি নির্লজ্জ প্রচেষ্টা। আন্তর্জাতিক আইন অনুযায়ী, চিকিৎসাকেন্দ্র সুরক্ষিত স্থাপনা হিসেবে বিবেচিত।
এর আগে এক বিবৃতিতে হামাস বলেছিল, ইসরাইলি বাহিনীর অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ এবং চুক্তির শর্ত মেনে চলা নিশ্চিত করতে মধ্যস্থতাকারী দেশগুলো ও যুক্তরাষ্ট্রের প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
১৩২ বার পড়া হয়েছে