সর্বশেষ

ফেবু লিখন

মানি অর্ডার

কাজী আখতার হোসেন
কাজী আখতার হোসেন

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৬:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
একসময় দূর-দূরান্তে স্বজনদের কাছে টাকা পাঠানোর অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম ছিল ডাক বিভাগের মানি অর্ডার। ডাকপিয়নের ‘মানি অর্ডার, মানি অর্ডার’ হাঁকডাকে অপেক্ষা করতেন প্রিয়জনেরা। সময়ের পরিবর্তনে সেই চিত্র এখন অনেকটাই হারিয়ে গেছে। তবে মানি অর্ডারের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ ও স্মৃতি আজও অনেকের হৃদয়ে অমলিন। অবসরপ্রাপ্ত সচিব কাজী আখতার হোসেন স্মৃতিচারণ করেছেন ১৯৮০ সালে নিজের উপার্জনের প্রথম টাকা বাবার কাছে মানি অর্ডারে পাঠানোর এক আবেগঘন অভিজ্ঞতার।
কাজী আখতার হোসেন

আজকাল বিষয়টি উঠে গেছে কিনা জানি না। উঠে যাবার কথা নয়, ডাক বিভাগ তো রয়েছে। এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা এটা বুঝবে না। এখন আর মানি অর্ডারের কথা মানুষ ভাবে না। আগে ডাকপিয়নের হাঁকডাক— ‘মানি অর্ডার, মানি অর্ডার’, এখন আর শোনা যায় না। এখন নানা মাধ্যমে মুহূর্তেই টাকা পাঠানো যায়।

অনেকেই জানেন, বিভিন্ন সময়ের লেখায় আমিও বলেছি, অনার্স পাশের পরপরই আমি চানখাঁরপুলের পাশে শেখ বোরহানউদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজে লেকচারার হিসেবে কাজ শুরু করি। মহসিন হল থেকে রিকশায় চড়ে কলেজ গেটে গিয়ে নামতাম। রিকশাওয়ালা ভাড়া নিত দেড় টাকা। নিজেকে কলেজের টিচার ভেবে ভেবে এক ধরনের আত্মপ্রসাদ পেতাম। সেখান থেকে ফেরার সময় অনেক দিন হেঁটেই আসতাম। তাতে অন্তত দেড় টাকা বেঁচে যেত। ইন্টারমিডিয়েটে একটি অথবা দুটি এবং ডিগ্রি ক্লাসে একটি ক্লাস থাকত সাধারণত। তখনকার বয়সে ওটুকু পথ হাঁটা কিছুই মনে হতো না।

আমার পিতা তখনো তাঁর পেশাগত কাজ করে চলেছেন। এম এম আর অ্যান্ড কাজী, কুমারখালী এম এন হাই স্কুলের প্রধান মাওলানা কিংবা বড় জামে মসজিদের খতিব— সবই চলছে। বয়স হয়ে গেছে। তিনি ছিলেন আমার দেখা আল্লাহর ওপর নির্ভরশীল এক অসাধারণ মানুষ। তিনি ধনী ছিলেন না, কিন্তু জীবনযাপনে ছিলেন অভিজাত। নিয়মিত নিজেই বাজারঘাট করতেন। কঠিন সময়েও বাজারের সেরা মাছ, তরকারি, মাংস ইত্যাদি তাঁকে কিনতেই হতো। তিনি কখনো সঞ্চয়ী ছিলেন না। সব সময় ভাবতেন, আগামীকাল আল্লাহই চালাবেন। তিনি বলতেন, ‘পেট মেরে বাণিজ্য করায় আমি বিশ্বাসী নই।’

প্রথম সন্তান হিসেবে আমি তখন পিতার দৈনন্দিন পরিশ্রমজাত জীবনযাপন ও হাড়ভাঙা খাটুনি নীরবে-নিঃশব্দে দেখে যাচ্ছি। আর ভাবছি, আমি সত্যিই কি পিতার কিছুটা মুশকিল আসান করতে পারব? ছোট ভাই-বোনেরা সবাই লেখাপড়ায় আছে। নিজেকে মাঝে মাঝে অপরাধী মনে হয়। সংসারের জন্য কোনো আর্থিক সহায়তা করতে পারি না। স্কুলের সহকর্মীরা আব্বাকে জিজ্ঞেস করেন, “আখতার মানি অর্ডারে টাকা পাঠায় না?” বিশেষ করে স্কুলের পণ্ডিতমশাই স্বর্গীয় শ্রী কার্তিক চন্দ্র চক্রবর্তী আব্বাকে নানাভাবে জিজ্ঞেস করেন। আব্বা যাই হোক, একটা উত্তর দিয়ে দেন।

বেসরকারি কলেজগুলোতে আগের দিনে এখনকার মতো বেতনের বড় অংশ সরকার দিত না। কলেজগুলোর সামর্থ্য হিসেবে নিজেরা যা পারত, তাই দিত। একপর্যায়ে ১৫শ টাকা হাতে পেয়ে গেলাম। তখনকার দিনে এই অঙ্ক নেহাত কম নয়। প্রথমেই জিপিওতে ছুটলাম। আব্বাকে মানি অর্ডার করব। নিজের মনের মধ্যে এক অনির্বচনীয় অনুভূতি খেলে গেল। সেই আবেগ কিংবা অনুভূতির কোনো ভাষা নেই। কেবলই তা অনুভব করা যায়।

প্রথমবারের মতো পিতার নিকট মানি অর্ডারে টাকা পাঠাতে যাচ্ছি। তখন এটা যে কত বড় আনন্দের বিষয় ছিল; হৃদয়ের তন্ত্রীতে তন্ত্রীতে যে অমোঘ তৃপ্তির সান্নিধ্য পাচ্ছিলাম, এত বছর পরেও তার রেশ কিছুটা যেন রয়ে গেছে। এটা যেন সাফল্যের এক সুবর্ণরেখা, যে রেখায় শুধুই গোলাপের গুচ্ছ গুচ্ছ ভালোবাসা।

জিপিওতে পৌঁছে মানি অর্ডারের ফরম পূরণ করলাম। টাকার অঙ্কের ঘরে লিখলাম ৮০০ টাকা। একবার ভাবলাম পুরো পনেরোশো টাকাই লিখে ফেলি। আবার ভাবলাম নিজেকেও তো চলতে হবে। মনে হলো জীবনে প্রথমবারের মতো পিতার নিকট মানি অর্ডারযোগে ৮শ টাকা পাঠানো (সেই ১৯৮০ সনে) খুব কম নয়। এক প্রশান্তিময় অভিজ্ঞতা। ভালোলাগার যেকোনো অনুভূতির চেয়ে সেই অনুভূতি ছিল বহুমাত্রিক। আজও তাই মনে আছে। বলা যায় তখনো আমার ছাত্রত্ব শেষ হয়নি। সামনেই ছিল মাস্টার্স পরীক্ষা। সেই সময়ে আমি পিতার নিকট মানি অর্ডারযোগে ৮শ টাকা পাঠালাম।

জিপিও থেকে বের হয়ে মনে হলো সারা পৃথিবীটা আমার হাতের মুঠোয়। অনেক কিছু জয় করেছি আজ। প্রফুল্ল মন, মুখর স্বপ্নে বিভোর আমি। ভাবতে লাগলাম, ডাকপিয়ন যখন কুমারখালীর বাড়িতে গিয়ে বলবে ‘মানি অর্ডার, মানি অর্ডার’, আর আমার পিতা যখন দেখবেন আমি টাকা পাঠিয়েছি, তাঁর সেই সময়ের অনুভূতি ও আবেগের মাত্রা কতটা হতে পারে! সেসব হিসেব করতে করতেই ঘরে ফিরলাম।

আব্বার কাছে মানি অর্ডারযোগে প্রথম টাকা পাঠানোর এই স্মৃতিটি আমার জীবনের এক অমর স্মৃতি। যতদিন বেঁচে থাকব এই পৃথিবীতে, এটা কখনো ভুলব না। এখনকার জেনারেশনের ছেলেমেয়েদের কাছে আমার এই মানি অর্ডারযোগে টাকা পাঠানোর বিষয়টি হয়তো কোনো আবেগ কিংবা অনুভূতির সৃষ্টি করবে না। কিন্তু আমার বয়সী মধ্যবিত্তের বৃত্ত থেকে বেরিয়ে এসে ঢাকার নগরজীবনে আমার যেসব বন্ধুরা একই অনুভূতির অংশীদার, তারা অবশ্যই আমার এই আবেগ-অনুভূতির মূল্যায়ন করবেন। তারাও অন্তত একবার নিজেদের দিকে তাকিয়ে দেখবেন, আমার দৃঢ় বিশ্বাস। আশা করি অনেকেই পেছন ফিরে চাইবেন।

লেখকঃ অবসরপ্রাপ্ত সচিব।
(লেখাটি লেখকের ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে)

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
ফেবু লিখন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০