রাজশাহীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সারাদেশে আওয়ামী লীগের তাণ্ডব ও নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল। শনিবার বিকেলে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন পথ প্রদক্ষিণ করে। সমাবেশে যুবদল নেতারা শেখ হাসিনার ফাঁসির দাবি জানান এবং রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রাজশাহী মহানগর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল।
বক্তব্যে রফিকুল ইসলাম রবি অভিযোগ করে বলেন, দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষিদ্ধ সংগঠনের পলাতক নেতারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বহিরাগতদের দিয়ে সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে নেতাকর্মীদের ভয়হীনভাবে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, অপকর্মের জন্য শেখ হাসিনাকে এ দেশের মাটিতেই ছাত্র-জনতা হত্যার বিচারের মুখোমুখি হতে হবে। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
১০৪ বার পড়া হয়েছে