বিবির বাজারে নৌবন্দর স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে গোমতী পরিদর্শন
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার বিবির বাজারে নৌবন্দর স্থাপন এবং গোমতী নদীতে নৌপথ সচল করার সম্ভাব্যতা যাচাইয়ে নদীপথ পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম। সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) দাউদকান্দিতে গোমতী নদীর শেষ প্রান্ত থেকে পরিদর্শন শুরু করেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। পরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার পর্যন্ত নদীপথের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।
পরিদর্শন শেষে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
মো. মুহিদুল ইসলাম বলেন, সরেজমিনে পরিদর্শন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গোমতী নদীর ঢাল অন্যান্য নদীর তুলনায় বেশি হওয়ায় পানি দ্রুত মেঘনা নদীতে চলে যায়। নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে হলে আরও গভীর করে খনন করতে হবে।
তিনি বলেন, উজানের বাঁধ দিয়ে সব সময় পানি ছাড়া হয় না। তাই নৌপথ সচল করার পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরও জানান, গোমতী নদীর ওপর অন্তত ৩০টি সেতু রয়েছে। এসব সেতুর উচ্চতা নিয়েও নতুন করে ভাবতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে।
উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত নৌ-প্রটোকল চুক্তির (পিআইডব্লিউটিটি) দ্বিতীয় সংযোজনীতে গোমতী নদীর এই নৌপথ অন্তর্ভুক্ত করা হয়। তবে নদীর নাব্যতা সংকটসহ বিভিন্ন কারণে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
সম্প্রতি কুমিল্লার বিবির বাজারে নৌবন্দর স্থাপন এবং গোমতী নদীতে নৌপথ সচল করার উদ্যোগ নেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সেই উদ্যোগের অংশ হিসেবে সম্ভাব্যতা যাচাইয়ে নদীপথ পরিদর্শন করেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান।
১১৮ বার পড়া হয়েছে