মোংলায় প্রবাসী নাবিকের বাড়িতে চুরি: ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুট, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় এক প্রবাসী নাবিকের বসতঘরের জানালা ভেঙে ১২ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এই চুরির পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার বা মালামাল উদ্ধার করতে পারেনি। ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা তৈরি করেছে।
ভুক্তভোগী নাবিক মো. জামাল উদ্দিনের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ভাসানী সড়কের নিজ বাসায় তালা দিয়ে তারা মোর্শেদ সড়কের পুরনো বাড়িতে যান। রাত সাড়ে ১১টার দিকে ফিরে এসে দেখেন ঘরের জানালা ভাঙা এবং ড্রেসিং টেবিল তছনছ করা।
চোরের দলটি ড্রেসিং টেবিলের লক ভেঙে ৪টি স্বর্ণের চেইন, ৩টি লকেট, ৩টি কানের দুল, ১টি ডায়মন্ডের নাকফুল, ১টি রূপার চেইন, দুটি দামী মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে রাতেই জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরদিন শনিবার সকালে মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত চোরাই মালামাল উদ্ধার কিংবা অপরাধীদের চিহ্নিত করতে পারেনি আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
এদিকে এলাকায় প্রতিনিয়ত চুরি-ডাকাতি বেড়ে চলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, রাতের টহল পুলিশ ঠিকমতো দায়িত্ব পালন না করে আড্ডায় লিপ্ত থাকে। পুলিশের কাছে চিহ্নিত অপরাধীদের তালিকা থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
চুরির বিষয়ে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম জানান, প্রযুক্তিগত সহায়তায় চুরি হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া রাতের নিরাপত্তা বাড়াতে টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
১২৯ বার পড়া হয়েছে