সর্বশেষ

স্বাস্থ্য

ইবনে সিনার স্বাস্থ্যসেবায় কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সদস্য ও তাঁদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় দিতে ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সমিতি। চুক্তির আওতায় ইবনে সিনা ট্রাস্ট পরিচালিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন সমিতির সদস্যরা।

কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সাংগঠনিক কার্যক্রমে নতুন সংযোজন হিসেবে সদস্যদের জন্য চালু করা হয়েছে ‘অপরচুনিটি কার্ড’। এরই অংশ হিসেবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করতে ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে আনুষ্ঠানিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে সংগঠনটি।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর মালিবাগে ইবনে সিনা ডি ল্যাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মহাসচিব মোহা. আবুল হোসেন। সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন সাংগঠনিক সচিব শামসুজ্জামান ইবনে আজিজ (আরিফ) এবং নির্বাহী পরিষদের সদস্য মুন্সী তরিকুল ইসলাম।

অন্যদিকে, ইবনে সিনা ট্রাস্টের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এজিএম ও ডেপুটি হেড অব বিজনেস জিএম তারিকুল ইসলাম। সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন ট্রাস্টের এজিএম ও প্রশাসন বিভাগের ইনচার্জ কাজী মো. মহিউদ্দিন কাইয়ুম এবং ডেপুটি ম্যানেজার ও করপোরেট বিভাগের রিজিওনাল ইনচার্জ মোহাম্মদ মাসুদ।

অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রশাসন) কামরুল ইসলাম রিপন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (হিসাব) আব্দুর রহমান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ব্যবসা উন্নয়ন বিভাগের ইনচার্জ আব্দুল্লাহ মারুফ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও করপোরেট বিভাগের জোনাল ইনচার্জ আবু আব্দুল্লাহ রাসেল, সিনিয়র অফিসার (করপোরেট উইং) মোয়াজ্জেম হোসেন পলাশ এবং অফিসার (করপোরেট উইং) হাসানুর রহমান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার মহাসচিব মোহা. আবুল হোসেন সংগঠনটির প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও কল্যাণের পরিসর আরও বিস্তৃত হলো। সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে সমিতি আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইবনে সিনা ট্রাস্টের এজিএম ও ডেপুটি হেড অব বিজনেস জিএম তারিকুল ইসলাম জানান, চুক্তির আওতায় এখন থেকেই ঢাকাসহ সারা দেশে ইবনে সিনার ২৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে সমিতির সদস্য ও তাঁদের ওপর নির্ভরশীল ব্যক্তিরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। ভবিষ্যতে নতুন নতুন সুযোগ-সুবিধা যুক্ত হলে সেগুলোও সমিতির সদস্যরা পাবেন।

সমিতি ও ইবনে সিনা কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাস্ট পরিচালিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজি ও পিসিআর ল্যাব পরীক্ষায় ৩৫ শতাংশ এবং রেডিওলজি, ইমেজিং, পিইটি-সিটিসহ অন্যান্য পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় পাওয়া যাবে। ঢাকাসহ দেশের সব কেন্দ্রে এই সুবিধা ইতোমধ্যেই কার্যকর করা হয়েছে।

তবে এ সুবিধা নিতে হলে সমিতির বৈধ সদস্য কার্ড অথবা ‘অপরচুনিটি আইডি কার্ড’ প্রদর্শন করতে হবে।

অপরচুনিটি আইডি কার্ড প্রদান কমিটির সদস্যসচিব মুন্সী তরিকুল ইসলাম জানান, ইবনে সিনা ট্রাস্টের স্বাস্থ্যসেবা কেন্দ্রে কার্ড প্রদর্শনের মাধ্যমে সদস্যরা নির্ধারিত সুবিধা নিতে পারবেন।

সমিতির এ উদ্যোগকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বসবাসরত কুষ্টিয়াবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার ইতিবাচক পদক্ষেপ ও সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০