ডায়াবেটিস সচেতনতায় কিশোরগঞ্জে ৭ কিলোমিটার ম্যারাথন
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে ৭ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে এ দৌড়ে অংশ নেন সাত শতাধিক মানুষ। নিয়মিত হাঁটা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ছয়টায় কিশোরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে ম্যারাথন শুরু হয়। অংশগ্রহণকারীরা শহরতলির বড়পুল এলাকা ঘুরে আবার হাসপাতালের সামনে ফিরে আসেন। সাত শতাধিক মানুষ এতে অংশ নেন। তাঁদের অধিকাংশই সফলভাবে ৭ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।
ম্যারাথন শেষে ডায়াবেটিক হাসপাতালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান এবং ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত হাঁটা ও শরীরচর্চার বিকল্প নেই। শুধু ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের নয়, সুস্থ থাকতে সব বয়সী মানুষেরই শারীরিকভাবে সক্রিয় থাকা প্রয়োজন।
তাঁরা নিজের শরীরের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে ম্যারাথনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য—‘ডায়াবেটিস নয়, ব্যবস্থা নিন এখনই’।
১২৯ বার পড়া হয়েছে