আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৯:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
বিমানবন্দরে হট্টগোলের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (২ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
আবেদনের ওপর সুপ্রিম কোর্টের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত রোববার (১ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন দেন।
মামলার নথি অনুযায়ী, গত ২ অক্টোবর বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন আদালত জিজ্ঞাসাবাদের জন্য তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে ৪ অক্টোবর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। একই দিন তার জামিন আবেদনও খারিজ করা হয়।
পরবর্তী সময়ে ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর কারামুক্তির জন্য হাইকোর্টে জামিন আবেদন করেন আখতারুজ্জামান। শুনানি শেষে হাইকোর্ট তাকে জামিন দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পরিস্থিতি হুমকি-ধমকিতে রূপ নেয়।
এ ঘটনায় বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।
১১৮ বার পড়া হয়েছে