চাঁপাইনবাবগঞ্জে আম বাগান থেকে বিপুল পরিমাণ মদ ও নেশার সিরাপ উদ্ধার
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৯:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আম বাগানে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিশেষ বাহিনী সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের সতেরো রশিয়া চামাগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি আম বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ৯৮ বোতল কফ রিলিফ সিরাপ ও ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। একই সাথে সেখান থেকে ১২ বোতল ম্যাজিক মোমেন্টস ভোদকা এবং ৮ বোতল রয়্যাল স্টেগ হুইসকি জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলারক্ষা ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত ১৯৪ বোতল সিরাপ ও ২০ বোতল বিদেশী মদ পরবর্তী আইনি ব্যবস্থার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
১২৮ বার পড়া হয়েছে