গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে বাড়ি ফিরছেন শানুখালা
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে পরিচয় ও ঠিকানা শনাক্ত হয়েছে কলাপাড়ায় পথ হারিয়ে আসা কুলসুম বেগম ওরফে শানুখালার। যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর পৌরসভার বাসিন্দা এই অসহায় নারী এবার ফিরতে চান আপন ঠিকানায়। তাঁর বাড়ি ফেরার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসন যোগাযোগ শুরু করেছে।
পথ হারিয়ে প্রায় ১২ দিন ধরে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থান করছিলেন কুলসুম বেগম ওরফে শানুখালা। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত কুদ্দুস শিকদারের স্ত্রী। তাঁর পরিচয় নিশ্চিত করেছেন ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মচারী মনোয়ারা বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ দিন আগে ঝিকরগাছা থেকে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পালিত নাতনির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন শানুখালা। তবে পথিমধ্যে ভুল করে তিনি কলাপাড়ায় চলে আসেন। ধারণা করা হচ্ছে, কলারোয়ার কথা বলায় বাসের কর্মীরা তাঁকে কলাপাড়ায় নামিয়ে দেন। গুগলের তথ্য অনুযায়ী, কলাপাড়া থেকে ঝিকরগাছার দূরত্ব প্রায় ২৭৭ কিলোমিটার।
কলাপাড়ায় এসে দিশেহারা হয়ে বিভিন্ন স্থানে ঘুরছিলেন শানুখালা। এ সময় তাঁর দেখা পান স্থানীয় মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’-এর সভাপতি নয়নাভিরাম গাইন। তিনি শানুখালার নাম ও পরিচয় জানতে চাইলে ঝিকরগাছা ছাড়া অন্য কোনো তথ্য দিতে পারেননি ওই নারী।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তাঁর ছবি ও সংবাদ প্রকাশিত হলে পরিচয় এবং ঠিকানা শনাক্ত হয়। জানা যায়, ঝিকরগাছার কৃষ্ণনগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে বসবাস করতেন তিনি। নিজের কোনো ভিটেমাটি কিংবা রক্তের সম্পর্কের স্বজন নেই তাঁর। অন্যের বাড়িতে একটি ছোট ঝুপড়ি ঘরে থাকতেন। মানুষের সহায়তায় চলত তাঁর খাওয়া-পরার ব্যবস্থা। আপন বলতে কেউ না থাকলেও স্থানীয় মানুষের ভালোবাসা ও সহানুভূতি পেয়েছেন তিনি। তাই তাঁরা চান, শানুখালা আবার তাঁদের কাছে ফিরে আসুন।
বিষয়টি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের নজরে এলে তিনি ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময়ে ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মচারী মনোয়ারা বেগম কলাপাড়ায় আশ্রয়দাতা স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’-এর সভাপতি নয়নাভিরাম গাইনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি শানুখালার পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তাঁর বর্তমান অবস্থান সম্পর্কেও খোঁজ নেন।
এদিকে নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য বারবার আকুতি জানাচ্ছেন শানুখালা। তাঁর বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন কলাপাড়ায় তাঁকে আশ্রয় দেওয়া মানবিক স্বেচ্ছাসেবীরা।
‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নয়নাভিরাম গাইন বলেন, মানবিক বিবেচনায় তাঁরা ঠিকানাহীন অসহায় এই নারীকে আশ্রয় দিয়েছেন। তবে তাঁদের সামর্থ্য সীমিত। কলাপাড়া ও ঝিকরগাছা উপজেলা প্রশাসন এবং সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শানুখালাকে তাঁর নিজ ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, শানুখালার বিষয়ে তিনি সবকিছু অবগত আছেন। ইতোমধ্যে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। আশা করছেন, দ্রুতই তাঁর বাড়ি ফেরার ব্যবস্থা করা হবে।
১২১ বার পড়া হয়েছে