সর্বশেষ

সারাদেশ

চরকাউয়া থেকে ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১০:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
সড়কে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিক ও শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মিপাশা, লাহার হাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ছয়টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এসব রুটে প্রতিদিন গড়ে কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। বাস চলাচল বন্ধ থাকায় অনেকে মোটরসাইকেল ও রিকশায় গন্তব্যে রওনা হয়েছেন।

যাত্রীদের অভিযোগ, বাস বন্ধ থাকায় বিকল্প যানবাহনে যাতায়াত করতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। পাশাপাশি কয়েক দিন পরপর বাস ধর্মঘটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

যাত্রী সোহরাব হাওলাদার জানান, তিনি বরিশাল থেকে নেহালগঞ্জ যাবেন। কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে যেতে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে।

আমেনা খাতুন নামে আরেক যাত্রী জানান, গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে চরকাউয়া বাস টার্মিনালে এসে তিনি বাস চলাচল বন্ধ দেখতে পান। এখন বিকল্প পথে যাতায়াত করতে হলে তাকে অতিরিক্ত ভাড়া দিতে হবে।

এর আগে, রোববার (১ নভেম্বর) চরকাউয়া বাস টার্মিনালে বাস, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিকদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় সড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি জানান বাস মালিক ও শ্রমিকরা।

তাদের দাবি, থ্রি-হুইলারের কারণে সড়কে বাস দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি বাসের সঙ্গে পাল্লা দিয়ে অটোরিকশা চলাচল করায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত সড়ক থেকে থ্রি-হুইলার সরিয়ে নেওয়ার দাবি জানান তারা।

চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার জানান, সকাল থেকে তারা বাস চালানোর চেষ্টা করলেও থ্রি-হুইলার ও অটোরিকশাচালকরা বাস চলাচলে বাধা সৃষ্টি করছেন। এ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০