কলেজের গভর্নিং বডির সভাপতি হতে স্নাতক ডিগ্রিই যথেষ্ট
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৫:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ পদে দায়িত্ব পালনের জন্য স্নাতকোত্তর ডিগ্রির পরিবর্তে স্নাতক ডিগ্রি থাকলেই চলবে।
রোববার (১ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি অথবা অ্যাডহক কমিটির সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সংশোধন করা হয়েছে।
এ ক্ষেত্রে ২০২৫ সালের ১১ মার্চ জারি করা আগের প্রজ্ঞাপনে স্নাতকোত্তর ডিগ্রির যে শর্ত উল্লেখ ছিল, তা পরিবর্তন করে স্নাতক ডিগ্রি নির্ধারণ করা হয়েছে। ফলে এখন থেকে স্নাতক ডিগ্রিধারীরাও এসব প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
দুই প্রতিষ্ঠানের বেশি দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা বহাল
নতুন প্রজ্ঞাপনে কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে আগের একটি শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে।
এতে বলা হয়েছে, কোনো ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুইটির বেশি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি কিংবা বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হতে পারবেন না।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কমিটি গঠনের ক্ষেত্রে এ বিধান আগের মতোই কার্যকর থাকবে।
১১১ বার পড়া হয়েছে