এইচএসসিতে এবার পাসের হারে এগিয়ে মেয়েরা
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ১৪ শতাংশ হলেও ছাত্রীদের পাসের হার ৫৫ দশমিক ৪৫ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের পরপরই শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ফল প্রকাশ করা হয়।
এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৬২ হাজারের বেশি শিক্ষার্থী। তবে পরীক্ষায় কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা পাসের হারে এগিয়ে রয়েছেন মেয়েরা। অন্যদিকে জিপিএ ৫-এ এগিয়ে রয়েছেন ছেলেরা।
গত বছর প্রথম দফায় এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। পরে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর আরও ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পান। অন্যদিকে, ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।
এবার ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪ শতাংশ, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
এ ছাড়া বরিশাল বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪ শতাংশ।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ।
শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বোর্ডের ওয়েবসাইটের ফলাফল বিভাগে গিয়ে নিজস্ব ইআইআইএন নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। পাশাপাশি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফল জানার সুযোগ রয়েছে। এ জন্য যেকোনো মুঠোফোন নম্বর থেকে ইংরেজিতে HSC লিখে একটি স্পেস, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস, রোল নম্বর, একটি স্পেস ও ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের লিখতে হবে: HSC DHA 123456 2026।
এদিকে, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।
১৩৬ বার পড়া হয়েছে