মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট এক লাইনে লেখার অনুমতি
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৬:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের অংশে নিবন্ধন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে একাধিক মাপের নম্বরপ্লেট ব্যবহারের অনুমোদন দেওয়ার ক্ষমতাও পেয়েছে সংস্থাটি।
এ বিষয়ে রোববার (১ নভেম্বর) বাংলাদেশ গেজেটে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধি সংশোধন করা হয়েছে।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের অংশে নিবন্ধন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত পদ্ধতির পাশাপাশি এক লাইনে নম্বর লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ। মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এই ব্যবস্থা চালু করা হয়েছে।
এ ছাড়া সামনের নিবন্ধন নম্বর একাধিক মাপের দৈর্ঘ্য ও প্রস্থের বিপরীতমুখী আলো প্রতিফলক প্লেটে প্রদর্শনের অনুমোদন দিতে পারবে কর্তৃপক্ষ।
নতুন বিধিমালায় নম্বরপ্লেটের বিভিন্ন অংশের মাপ নির্ধারণের ক্ষমতাও বিআরটিএকে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সামনের নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের মাপ, যানবাহনের শ্রেণি বোঝানো অক্ষরের উচ্চতা, প্লেটের ওপরের অংশের ফাঁকা জায়গা এবং দুটি সংখ্যার মধ্যবর্তী ব্যবধান।
পাশাপাশি দ্বিতীয় লাইনে লেখা সংখ্যাগুলোর মধ্যে ব্যবহৃত হাইফেনের দৈর্ঘ্যও নির্ধারণ করতে পারবে সংস্থাটি। এক লাইনে নিবন্ধন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।
১০৯ বার পড়া হয়েছে