মুন্সীগঞ্জে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, সাবেক ইমাম গ্রেপ্তার
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৪:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পড়ার সুযোগে গৃহবধূর গোপন মুহূর্তের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করার অভিযোগে নূর আলম শেখ নামের সাবেক এক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অনৈতিক দাবির অভিযোগে শ্রীনগরের একটি মাদ্রাসা থেকে তাকে মোবাইলসহ আটক করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নূর আলম শেখ টঙ্গিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে দীর্ঘ ১৮ মাস ধরে ইমামতি করছিলেন। এই সময়ে তিনি স্থানীয় এক শিশুর বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন। সেই সুবাদে শিশুটির পরিবারের সাথে ঘনিষ্ঠতা তৈরি করে সুযোগ বুঝে গৃহবধূর গোপন মুহূর্তের ভিডিও ধারণ করে রাখেন ওই ব্যক্তি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর মসজিদ কমিটি অভিযুক্ত নূর আলমকে ইমামতির পদ থেকে বরখাস্ত করে এলাকা ছাড়তে বাধ্য করে। তবে এলাকা ছাড়লেও ওই গৃহবধূকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন অব্যাহত রাখেন তিনি। পুনরায় ঘনিষ্ঠ হওয়ার দাবি মেনে না নিলে ধারণকৃত অশালীন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান তিনি।
একপর্যায়ে নিজের দাবির সত্যতা প্রমাণ করতে এবং চাপ সৃষ্টি করতে ওই ভিডিও গৃহবধূর পরিবারের এক সদস্যের কাছে পাঠায় অভিযুক্ত। এই ঘটনার পর ভুক্তভোগী পরিবার বিষয়টি পুলিশকে জানালে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযানে নামে।
পরে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক অর্জুন কুমার দাশের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল শ্রীনগর থানাধীন একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত নূর আলম শেখকে তার ব্যবহৃত মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। চার সন্তানের জনক এই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।
১৩৯ বার পড়া হয়েছে