কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার ৭২৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন। ফলাফলে এবারও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের এ চিত্র উঠে এসেছে।
বোর্ডের ফলাফল অনুযায়ী, এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ৫৫ হাজার ৪৩৪ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ২৮ হাজার ৪১৫ জন। অন্যদিকে, ৩৬ হাজার ৭২৮ জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৮৫৭ জন। পাসের সংখ্যায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচিতি নম্বর (ইআইআইএন) ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারছে। পাশাপাশি পরীক্ষার্থীরা মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে নিবন্ধন করে নিজেদের ফলাফল জানতে পারছেন।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে, ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি।
গত বছরের তুলনায় এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার কিছুটা কমেছে। ২০২৫ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। চলতি বছর তা কমে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশে।
১২৮ বার পড়া হয়েছে