বুলগেরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ইলিয়ানা ইয়োতোভা
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৬:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বুলগেরিয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। প্রাথমিক নির্বাচনী ফলাফলে তাঁর জয়ের আভাস পাওয়া গেছে। রোববার (১ নভেম্বর) গভীর রাতে প্রতিদ্বন্দ্বী উদারপন্থী প্রার্থী আন্দ্রে গ্যুরভ পরাজয় স্বীকার করেছেন। এই জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী রুমেন রাদেভের রাজনৈতিক অবস্থানও আরও শক্তিশালী হয়েছে।
প্রাথমিক নির্বাচনী ফলাফল অনুযায়ী, ৬২ বছর বয়সী ইলিয়ানা ইয়োতোভা পেয়েছেন ৫৭ থেকে ৫৮ শতাংশ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আন্দ্রে গ্যুরভের ভোটের হার ৩৯ থেকে ৪১ শতাংশের মধ্যে।
ইয়োতোভার এই জয় প্রধানমন্ত্রী রুমেন রাদেভের রাজনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। তাঁর দল প্রোগ্রেসিভ বুলগেরিয়া গত এপ্রিলে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দলটি ইয়োতোভার প্রচারণায় সমর্থন জানিয়েছিল।
ইলিয়ানা ইয়োতোভা আগে রুমেন রাদেভের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাদেভ সংসদীয় রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য পদত্যাগ করলে গত জানুয়ারিতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি। এবার নির্বাচনে জয়ী হলে বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী রাষ্ট্রপ্রধান হিসেবে ইতিহাস গড়বেন ইয়োতোভা।
বুলগেরিয়া উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো) ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও প্রধানমন্ত্রী রাদেভের সরকার স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে। ইউক্রেনকে কেন্দ্র করে ইউরোপের কয়েকটি উদ্যোগের বিরোধিতা করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রেখেছে দেশটি।
গত জুলাইয়ে ইরান যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানকে সহায়তা করতে বুলগেরিয়ার বেজমার বিমানঘাঁটি ব্যবহারের অনুমোদন দেয় দেশটির সংসদ। এই অনুমোদনের আওতায় আটটি মার্কিন কেসি-১৩৫ আকাশপথে জ্বালানি সরবরাহকারী বিমান, ২৫০ জন সামরিক সদস্য এবং প্রয়োজনীয় সরঞ্জাম সেখানে মোতায়েনের সুযোগ পায়।
ইরানের আপত্তি ও হুমকি উপেক্ষা করে মার্কিন সামরিক বাহিনীকে এই সুবিধা দেওয়ায় প্রধানমন্ত্রী রুমেন রাদেভকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১১০ বার পড়া হয়েছে