স্বামীর সংসার
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৭:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মঞ্জুশ্রী দত্তের কবিতা ‘স্বামীর সংসার’-এ নারীর আত্মত্যাগ, সংসারজীবনের বাস্তবতা এবং নিজের পরিচয় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। কবিতাটিতে নারীর শিক্ষা, আর্থিক স্বাবলম্বিতা, ব্যক্তিগত অধিকার ও নিজস্ব ঠিকানার গুরুত্ব তুলে ধরা হয়েছে। সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি নারীর নিজের স্বপ্ন পূরণ এবং আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার বার্তাই কবিতাটির মূল প্রতিপাদ্য।
আমরা নারীরা স্বামীর সংসার গড়ি,
দিনের পর দিন, বছরের পর বছর
নিজের সুখ-স্বপ্ন বিসর্জন দিয়ে
সংসারটাকে আপন করে নিই।
যে স্বামীর হাত ধরে
জীবনের দীর্ঘ পথ পাড়ি দিই,
একদিন সেই মানুষটিও
হয়তো অন্য কারও আপন হয়ে যায়।
তখন মনে প্রশ্ন জাগে—
সবই কি তবে অন্যের?
নারীর নিজের বলতে কী থাকে?
বাবার বাড়ি ছেড়ে আসি,
স্বামীর বাড়িকে আপন ভাবি,
সন্তানের মুখে হাসি ফোটাতে
জীবনের সঞ্চয়টুকুও বিলিয়ে দিই।
তবু নারীর নিজের ঠিকানা
অনেক সময় অধরাই থেকে যায়।
তাই নারীর শিক্ষা বড় প্রয়োজন,
প্রয়োজন স্বাবলম্বী হওয়ার।
শিক্ষিত হয়ে, কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে
নিজের স্বপ্নগুলো পূরণ করার।
নারীরও থাকুক নিজের উপার্জন,
নিজের সিদ্ধান্ত, নিজের অধিকার।
থাকুক নিজের নামে একখণ্ড জমি,
নিজের একটি ছোট্ট সংসার।
যে ঘরের চাবি থাকবে নিজের হাতে,
যে ঠিকানায় মাথা উঁচু করে বলা যাবে—
‘এ ঘর আমার, এ ঠিকানা আমার,
আমি কারও আশ্রিত নই,
আমি নিজেই আমার পরিচয়।’
১২৬ বার পড়া হয়েছে