যান্ত্রিক ত্রুটি মেরামত, ঢাকার পথে প্রধানমন্ত্রী
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ২:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যান্ত্রিক ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭ জাপান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করে। উড়োজাহাজের স্পয়লারে ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে যাত্রা শুরু হয়।
চার দিনের জাপান সফর শেষে দেশে ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বের মুখে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭ বৃহস্পতিবার রাতে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। যাত্রীদের বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। এরপর রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে উড়োজাহাজের স্পয়লারে ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়।
এ পরিস্থিতিতে পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত স্থগিত করেন। পরে বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়। সেখানে প্রকৌশলীরা উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন।
নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট ছাড়তে দেরি হওয়ার কথা জানানো হয়। এ জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেন পাইলট।
মেরামতের কাজ দীর্ঘায়িত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর প্রতিনিধিদলের সদস্যরা উড়োজাহাজ থেকে নেমে যান। অন্য যাত্রীদেরও অপেক্ষার জন্য বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়।
পরে প্রকৌশলীদের পরীক্ষা-নিরীক্ষা ও মেরামত শেষে ত্রুটি সারানো হলে ফ্লাইটটি আবার যাত্রার প্রস্তুতি নেয়। সবশেষে বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।
১০৮ বার পড়া হয়েছে