নরসিংদীতে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, অভিযুক্ত শরীফ পলাতক
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ২:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর ঘোড়াদিয়া এলাকায় একটি বাড়িতে ১৩ ঘণ্টার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি, মাদক এবং নগদ সাড়ে ১০ লাখের বেশি টাকা উদ্ধার করেছে এসআরবি-১১। অভিযান চলাকালে অভিযুক্ত বাড়ির মালিক শরীফ ভূঁইয়া পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার ভূঁইয়া বাড়িতে বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআরবি-১১-এর ডগ স্কোয়াড অংশ নেয়। অভিযানের তথ্য সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন এসআরবি-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান।
অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, ১২ রাউন্ড রিভলবারের গুলি, ২৭ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, ৬ রাউন্ড ব্ল্যাংক কার্তুজ এবং ৪১ রাউন্ড শর্টগানের কার্তুজ। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, উদ্ধারকৃত এসব কার্তুজের মধ্যে জুলাই অভ্যুত্থানে থানা থেকে খোয়া যাওয়া গুলিও থাকতে পারে।
এছাড়া ঘরটি থেকে ৯টি চাপাতি ও ছোরা, ৭৫ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপ এবং মাদক বিক্রির নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা জব্দ করা হয়। অভিযুক্ত সোবহান ভূঁইয়ার ছেলে শরীফ ভূঁইয়ার বিরুদ্ধে পূর্বেরও মামলা রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ওই এসআরবি কর্মকর্তা।
১১২ বার পড়া হয়েছে