সিলেটে রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ২:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভুইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অন্য পাঁচ আসামির মধ্যে দুজনকে যাবজ্জীবন এবং তিনজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিলেটের আলোচিত রায়হান আহমদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আকবর হোসেন ভুইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অন্য পাঁচ আসামির মধ্যে দুই পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর তিনজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন কনস্টেবল টিটু চন্দ্র দাস ও কনস্টেবল হারুন অর রশীদ। এ ছাড়া বহিষ্কৃত এসআই আশেক এলাহী, এসআই হাসান উদ্দিন এবং কথিত সাংবাদিক আব্দুল্লাহ আল নোমানকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার প্রধান আসামি সাবেক এসআই আকবর হোসেন ভুইয়া বর্তমানে পলাতক রয়েছেন। গত বছর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর আদালতের নির্দেশনা অনুযায়ী আত্মসমর্পণ না করে তিনি আত্মগোপনে চলে যান।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রায়হান সিলেট নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর বয়স ছিল ৩৪ বছর।
এ ঘটনায় রায়হানের স্ত্রী বাদী হয়ে পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে এবং পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যুর বিষয়টি আলোচনায় আসে।
ঘটনার পর প্রধান আসামি আকবর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তে তাঁকে আটক করা হয়েছিল।
১১২ বার পড়া হয়েছে